সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রাত্রিযাপনের পাস বন্ধ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

সুন্দরবনে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনার পর সাতক্ষীরা রেঞ্জে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপনসহ তিন দিনের ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। তবে এক দিনের ভ্রমণের পাস আগের নিয়মেই চালু থাকবে। বন বিভাগের এ সিদ্ধান্তে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলারমালিক ও ট্যুর গাইডরা। তাদের দাবি, একটি বিচ্ছিন্ন দুর্ঘটনার দায় পুরো পর্যটন খাতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি বডি ট্রলারে তিন দিনের রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক দিনের ভ্রমণ পাস আগের নিয়মে চালু থাকবে। তিন দিনের পাস বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞার মেয়াদ সম্পর্কে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এ অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বন বিভাগের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। তিন দিনের ভ্রমণ পাস বন্ধ থাকলে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি আর্থিক সংকটে পড়বেন বোটমালিক, ট্যুর অপারেটর, গাইড ও স্থানীয় ব্যবসায়ীরা।
পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, তারা ঋণ করে পর্যটকবাহী বোট তৈরি করেছেন। এখন ভ্রমণের অনুমতি বন্ধ হয়ে গেলে ঋণ পরিশোধসহ সংসার চালানো কঠিন হয়ে পড়বে। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের ভ্রমণ পাস চালুর দাবি জানান তিনি।
মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। আগে এ ধরনের দুর্ঘটনা ঘটেনি। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকার পর্যটন কার্যক্রমে এমন নিষেধাজ্ঞা দেওয়া দুঃখজনক।
সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে সাম্প্রতিক এ দুর্ঘটনার আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালি বোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ জন পর্যটক নিয়ে একটি জালি বোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
তিনি বলেন, এসব ঘটনার পরও পর্যটন কার্যক্রম বন্ধ করা হয়নি। পর্যটকদের অসতর্কতার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার দায়ে সাতক্ষীরা রেঞ্জের তিন দিনের পাস বন্ধ করা যুক্তিসংগত নয়। এ সিদ্ধান্তের ফলে সুন্দরবনের সাতক্ষীরা অংশের পর্যটন সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।











