পুকুরে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলম প্রকাশ ‘লন্ডনি দুলাল’-এর (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি নোয়াপাড়া গ্রামের লন্ডনি বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, পুকুরের পানিতে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নেয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









