ঢাবিতে ককটেল বিস্ফোরণ: নারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর মধ্যে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন কলাভবন সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক আহত হন এবং তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া এর আগে টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ফটকে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। ধারাবাহিক এসব ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে গত ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










