দলিল আটকে ঘুষ দাবির অভিযোগ, সাবরেজিস্ট্রারের অপসারণ চান লেখকরা

মাদারীপুরের শিবচর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে যোগদানের মাত্র তিন দিনের মাথায় নতুন সাবরেজিস্ট্রার আবরার ইবনে রহমানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দলিল লেখকরা। দলিল নিবন্ধনে নানা অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কাজের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১১ নভেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে এ নিয়ে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে দলিল নিবন্ধন কার্যক্রম নিয়ে সাবরেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে অফিসের কর্মচারীরা কার্যালয়ের ভেতর থেকে দরজায় তালা দিলে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন দলিল লেখকরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দলিল লেখকদের অভিযোগ, গত ৮ নভেম্বর শিবচর উপজেলা সাবরেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আবরার ইবনে রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন আইনি জটিলতার অজুহাতে দলিল নিবন্ধন আটকে রাখছেন তিনি। পরে সেসব দলিল নিবন্ধনের জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি করা হচ্ছে। ঘুষ দিলে কাজ হচ্ছে, আর না দিলে নানা অজুহাতে দলিল ঝুলিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ দলিল লেখকেরা তার অপসারণের দাবিতে আন্দোলনে নামেন।
পরে আন্দোলনরত দলিল লেখক সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। একই সঙ্গে অভিযুক্ত সাবরেজিস্ট্রারকে দ্রুত অপসারণের দাবি জানান তারা।
শিবচর দলিল লেখক সমিতির সভাপতি ইব্রাহিম মুন্সি বলেন, বিভিন্ন আইনের অজুহাতে আমাদের দলিল আটকে দেওয়া হয়। পরে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিলে কাজ করে দেন। আমরা এমন কর্মকর্তা চাই না।
তবে দলিল লেখকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবরেজিস্ট্রার আবরার ইবনে রহমান। এশিয়া পোস্টকে তিনি বলেন, সরকারি বিধিমালা মেনেই দলিল নিবন্ধনের কাজ করছি। কিন্তু কেউ কেউ ত্রুটিযুক্ত দলিল নিয়ে আসেন। সেগুলো নিবন্ধনের অনুমতি না দেওয়ায় তারা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এশিয়া পোস্টকে বলেন, দলিল লেখকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দলিল লেখকদের কোনো অন্যায় থাকলেও সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।









