logo

নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী

নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
কার্জন হল। ছবি: এশিয়া পোস্ট

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছেড়ে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী। মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির পর বুধবার (১১ নভেম্বর) সকালে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি অনুষ্ঠানে বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

উপাচার্য বলেন, মঙ্গলবার ক্যাম্পাসের পরিস্থিতির কারণে দুই বিদেশি শিক্ষার্থী বুধবার সকালে তার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা নিরাপত্তার উদ্বেগের কথা জানিয়ে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ ঘটনায় হতাশা প্রকাশ করে উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমরা চাই না।’

তবে ক্যাম্পাস ছেড়ে যাওয়া ওই দুই শিক্ষার্থীর নাম, পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের সিনিয়র কার্টোগ্রাফার আমরান হোসেন জানান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তবে ক্যাম্পাস ছেড়ে যাওয়া দুই শিক্ষার্থীর বিষয়ে তাদের কার্যালয়ে কোনো তথ্য নেই। সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে বলে জানান তিনি।

এদিকে আগামী তিন মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের দেশি-বিদেশি চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে ওবিই পদ্ধতি চালু করা জরুরি। এ পদ্ধতি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা কর্মসংস্থানের প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন। পাশাপাশি আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের ক্ষেত্রেও এ পদ্ধতির গুরুত্ব রয়েছে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আধুনিকায়ন করতে হবে। বিভিন্ন বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কোর্স চালুর পাশাপাশি পাঠ্যক্রমে সময়োপযোগী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। কারিকুলাম পর্যালোচনায় শুধু বিভাগের শিক্ষকদের নয়, সংশ্লিষ্ট পেশার বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জার্নালের মানোন্নয়নের বিষয়ে উপাচার্য বলেন, শুধু পদোন্নতির প্রয়োজনে জার্নাল প্রকাশের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জার্নালগুলোকে আন্তর্জাতিক ইনডেক্সিংয়ের আওতায় আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইনডেক্সিং অর্জনে ব্যর্থ জার্নাল বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।