logo

শেষ মুহূর্তে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর

শেষ মুহূর্তে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর
লাকি আলী। ছবি: টিকিফাই

তিন বছর পর বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর। ১২ নভেম্বর চট্টগ্রাম এবং ১৩ নভেম্বর ঢাকায় দুটি কনসার্টে গান শোনানোর কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত হচ্ছে না এই আয়োজন। অনিবার্য পরিস্থিতির কথা জানিয়ে ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ বাতিলের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট।

বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জানানো হয়েছে, বাতিল হওয়ায় আগে কেনা সব টিকিট অকার্যকর বলে বিবেচিত হবে। টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

আয়োজকদের বিবৃতি অনুযায়ী, এখন পর্যন্ত যেসব দর্শক টিকিটের টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন, তাদের অর্থ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত পাঠানো হয়েছে। অন্য টিকিটধারীদের কাছে এ বিষয়ে ই-মেইল পাঠানো হয়েছে। সেই ই-মেইলে থাকা ‘Get my refund’ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত নেওয়া যাবে।

যারা এখনো ই-মেইলের মাধ্যমে টাকা ফেরতের অনুরোধ জানাননি, তাদের আগামী ১৬ নভেম্বর সোমবারের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে টিকিট কেনার সময় যে কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করা হয়েছিল, সেখানেই টাকা ফেরত পাঠানো হবে। তবে সে ক্ষেত্রে অর্থ ফেরত পেতে ৭ থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে।

ই-মেইল খুঁজে না পেলে স্প্যাম ফোল্ডার দেখার পরামর্শও দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এ ছাড়া টিকিট ফেরত বা কনসার্টসংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

কনসার্ট বাতিলের ঘটনায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইকিউব এন্টারটেইনমেন্ট। একই সঙ্গে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের এই আয়োজনে ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে পারফর্ম করার কথা ছিল শিল্পীর। দুই কনসার্টেই তার সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ডের পরিবেশনার পরিকল্পনা ছিল। ঢাকার কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।