logo

শেরপুরে শিশু অপহরণ মামলায় চার আসামির ১৪ বছরের কারাদণ্ড

শেরপুরে শিশু অপহরণ মামলায় চার আসামির ১৪ বছরের কারাদণ্ড
রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের হেফাজতে থাকা আসামিরা। ছবি : এশিয়া পোস্ট

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সি এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২)। এদের মধ্যে রাইসুল ও জামিরুল কারাগারে থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু। তবে ওই শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় তারা অপহরণকারীদের চাহিদা অনুযায়ী টাকা পাঠাতে ব্যর্থ হন।

এদিকে পরদিন জামালপুরের নারিকেলী বাজার এলাকা থেকে ওই শিশুকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ওই শিশু অপহরণকারী রাইসুলকে চিনতে পারে এবং স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে রাইসুল অপহরণের কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ ঘটনায় ওইদিনই শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তীতে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর উপস্থিত দুই আসামি রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, পলাতক থাকা বাকি দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। আমরাও বলতে চাই, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন বলবৎ রয়েছে এবং মানুষ ন্যায়বিচার পাচ্ছে। এর ফলে আমাদের বিচার ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল।