logo

আজ সিঙ্গেলদের দিন, জানুন এর পেছনের ইতিহাস

আজ সিঙ্গেলদের দিন, জানুন এর পেছনের ইতিহাস
ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম

প্রেম বা ভালোবাসা নিয়ে তো কত দিবসই উদযাপন করা হয়! কিন্তু যারা সিঙ্গেল আছেন, আজ তাদেরই দিন। প্রতি বছর ১১ নভেম্বর বিশ্বজুড়ে উদযাপিত হয় ‘সিঙ্গেলস ডে (Singles Day)’। দিনটি মূলত অবিবাহিত ও একা থাকা মানুষদের নিজেদের জীবন ও স্বাধীনতা উদযাপনেরই একটি উপলক্ষ।

সিঙ্গেলস ডে মূলত চীনে উদযাপিত হয়। চীনে শুরু হওয়া এই দিবস এখন শুধু অবিবাহিতদের উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে এটি বিশ্বের অন্যতম বড় অনলাইন শপিং উৎসবেও পরিণত হয়েছে। বিশেষ করে ১১.১১ তারিখকে কেন্দ্র করে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান বিশেষ ছাড় ও অফারের আয়োজন করে।

সিঙ্গেলস ডে কী

সিঙ্গেলস ডে হলো এমন একটি দিবস, যেখানে প্রেম-ভালোবাসার সম্পর্কে না থাকা মানুষরা নিজেদের জীবন ও স্বাধীনতাকে উদযাপন করেন। সাধারণত একা থাকা বা অবিবাহিত জীবনকে অনেকে কষ্টের মনে করলেও এই দিবসের মূল বার্তা কিন্তু ভিন্ন। সম্পর্কে না থেকেও একজন মানুষ নিজের মতো করে সুখী জীবন কাটাতে পারেন।

এই দিনে অনেকে বন্ধুদের সঙ্গে সময় কাটান, নিজের পছন্দের খাবার খান, ঘুরতে যান বা নিজের জন্য পছন্দের কিছু কেনাকাটা করেন। মূলত নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস ও স্বাধীনতাকে গুরুত্ব দেওয়াই এই দিবসের উদ্দেশ্য।

সিঙ্গেলস ডে পালনের ইতিহাস

সিঙ্গেলস ডের সূচনা চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০-এর দশকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অবিবাহিত জীবন উদযাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন।

তারিখটি বেছে নেওয়ার পেছনেও ছিল বিশেষ কারণ। ১১/১১ তারিখে চারটি ১ আছে, যা চারজন একা মানুষের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শুরুতে দিনটি ব্যাচেলরস ডে বা অবিবাহিতদের দিবস নামে পরিচিত ছিল। পরে এটি নারী-পুরুষ নির্বিশেষে সব অবিবাহিত মানুষের উদযাপনের দিনে পরিণত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া এই আয়োজন ধীরে ধীরে চীনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একসময় এটি দেশটির জনপ্রিয় সাংস্কৃতিক দিবসগুলোর একটি হয়ে ওঠে।

কীভাবে শপিং উৎসবে পরিণত হলো সিঙ্গেলস ডে

সিঙ্গেলস ডে শুরুর দিকে মূলত অবিবাহিতদের আনন্দ ও স্বাধীনতা উদযাপনের দিন ছিল। তবে ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা দিনটিকে ঘিরে বিশেষ অনলাইন শপিং প্রচারণা শুরু করে।

এরপর থেকে ১১ নভেম্বর চীনের সবচেয়ে বড় কেনাকাটার দিনগুলোর একটি হয়ে ওঠে। বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান এদিন পণ্য ও সেবায় বিশেষ ছাড় দেয়।

২০১৭ সালে আলিবাবা মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য বিক্রির রেকর্ড গড়ে। এর মাধ্যমে সিঙ্গেলস ডে বিশ্বের অন্যতম বড় অনলাইন কেনাকাটার উৎসব হিসেবে পরিচিতি পায়।

বর্তমানে চীনের বাইরেও বিভিন্ন দেশের ই-কমার্স প্রতিষ্ঠান, এমনকি আমাদের দেশেও এই দিন উপলক্ষে বিশেষ ছাড় ও প্রচারণার আয়োজন করে।

কীভাবে পালন করা হয় সিঙ্গেলস ডে

সিঙ্গেলস ডে পালনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী দিনটি উদযাপন করতে পারেন। যেমন—

  • নিজের মতো থাকা, বন্ধুদের সঙ্গে দেখা করা, আড্ডা দেওয়া বা একসঙ্গে খাওয়া-দাওয়া করা যেতে পারে।
  • ব্যস্ততার বাইরে নিজের পছন্দের কাজ করা, সিনেমা দেখা বা বই পড়ার মাধ্যমে দিনটি কাটানো যায়।
  • দীর্ঘদিন ধরে পছন্দের কোনো জিনিস কেনার জন্য দিনটি বেছে নিতে পারেন।
  • নিজের অর্জন, সাফল্য ও ইতিবাচক দিকগুলো লিখে রাখতে পারেন।
  • চাইলে সামাজিক অনুষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে নিতে পারেন।

সিঙ্গেলস ডের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হলো, একা থাকা মানেই অসুখী হওয়া না। একজন মানুষের সুখ কেবল তার সম্পর্কের অবস্থার ওপর নির্ভর করে না। নিজের লক্ষ্য পূরণ, পছন্দের কাজ, বন্ধুত্ব আর ব্যক্তিগত স্বাধীনতাও জীবনে আনন্দের উৎস হতে পারে।

তাই সিঙ্গেলস ডে শুধু অবিবাহিতদের জন্য কেনাকাটা বা আনন্দ করার দিন না। এটি নিজের জীবনকে গুরুত্ব দেওয়া, আত্মবিশ্বাস বাড়ানো ও নিজের প্রতি ভালোবাসা প্রকাশেরও একটি উপলক্ষ।