logo

বাসি রুটি খেলে কী হয়, জানালেন বিশেষজ্ঞরা

বাসি রুটি খেলে কী হয়, জানালেন বিশেষজ্ঞরা
ছবি: হিন্দুস্তান টাইমস

সকালের নাশতায় রুটি খুবই পরিচিত একটি খাবার। কেউ সকালবেলা গরম রুটি খেতে পছন্দ করেন, আবার অনেকে বাসি রুটি সবজি দিয়ে বা চায়ে ডুবিয়ে খেতে পছন্দ করেন। কোন রুটি আসলে বেশি স্বাস্থ্যকর, সদ্য বানানো নাকি আগের দিনের বানিয়ে রাখা বাসি রুটি? এই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে।

পুষ্টিবিদদের মতে, সঠিকভাবে সংরক্ষণ করা বাসি রুটির কিছু স্বাস্থ্য উপকারিতা আছে। বিশেষ করে রুটি সংরক্ষণ ও ঠান্ডা করার প্রক্রিয়ায় এর শ্বেতসারের গঠনে পরিবর্তন আসতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য কিছুটা উপকারী হতে পারে। তবে তার মানে এই না যে বাসি রুটি সব সময় তাজা রুটির চেয়ে বেশি পুষ্টিকর।

গুরগাঁওয়ের ম্যাক্স হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগের প্রধান কনসালট্যান্ট ডা. খালিদ জে. ফারুকি এই বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করেছেন।

বাসি রুটি কি তাজা রুটির চেয়ে ভালো?

গমের আটা দিয়ে তৈরি রুটিতে কার্বোহাইড্রেটের পাশাপাশি ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। বিশেষ করে গমের আটায় থাকা অদ্রবণীয় ফাইবার হজমে সহায়তা করতে পারে।

পুষ্টিবিদদের মতে, রান্না করা রুটি ঠান্ডা করে সংরক্ষণ করলে এর শ্বেতসারের কিছু অংশ রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হতে পারে। এই উপাদান সাধারণ শ্বেতসারের মতো সহজে হজম হয় না। এটি অনেকটা ফাইবারের মতো কাজ করে। এর পাশাপাশি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবেও কাজ করতে পারে।

রুটি বানানের পর ঠান্ডা করা ও পুনরায় গরম করার প্রক্রিয়ায় রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ বাড়তে পারে। এভাবে বাসি রুটির কিছু সম্ভাব্য উপকারিতা তৈরি হয়। তবে বাসি রুটি মানেই বেশি স্বাস্থ্যকর, এমনটা ভাবার কোনো কারণ নেই। রুটি কী দিয়ে তৈরি আর কীভাবে সংরক্ষণ করা হয়েছে, তার ওপরও নির্ভর করে এর পুষ্টিগুণ।

রেজিস্ট্যান্ট স্টার্চ কী এবং কেন উপকারী?

রেজিস্ট্যান্ট স্টার্চ হলো এক ধরনের শ্বেতসার, যা ক্ষুদ্রান্ত্রে সহজে হজম হয় না। এটি বৃহদান্ত্রে পৌঁছে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করতে পারে। এর কয়েকটি সম্ভাব্য উপকারিতা হলো-

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা: সাধারণ শ্বেতসারের তুলনায় রেজিস্ট্যান্ট স্টার্চ ধীরে ভাঙে। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ার প্রবণতা কিছুটা কমতে পারে।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা: এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য প্রিবায়োটিকের মতো কাজ করতে পারে।

হজমে সহায়তা: খাদ্যআঁশের মতো কাজ করায় অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।

তবে বাসি রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, এমন নিশ্চয়তা নেই। তাজা ও বাসি রুটির গ্লাইসেমিক ইনডেক্সের পার্থক্য রক্তে শর্করা নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলে কি না, তা নিশ্চিত করতে আরও গবেষণা করা দরকার।

কীভাবে বাসি রুটি খেলে বেশি উপকার পাওয়া যেতে পারে

বিশেষজ্ঞদের মতে, শুধু বাসি রুটি খেলেই হবে না, কীভাবে সংরক্ষণ করা হয়েছে আর কীভাবে খাচ্ছেন সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

সকালের নাশতায় খেতে পারেন: আগের দিনের রুটি সঠিকভাবে সংরক্ষণ করা হলে পরদিন সকালের নাশতায় খাওয়া যেতে পারে।

দুধের সঙ্গে খেতে পারেন: রুটির সঙ্গে দুধ খেলে খাবারে অতিরিক্ত পুষ্টি যোগ হয়।

সবজির সঙ্গে খান: রুটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তাই এর সঙ্গে বিভিন্ন ধরনের সবজি খেলে খাবারে ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান যোগ হয়।

প্রোটিনযুক্ত খাবার রাখুন: রুটির সঙ্গে ডিম, মাছ, মুরগির মাংস বা ডাল খেলে খাবার আরও সুষম হয়।

পরিমাণের দিকে খেয়াল রাখুন: রুটি স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক না। নিজের শারীরিক চাহিদা ও খাদ্যাভ্যাস অনুযায়ী রুটির পরিমাণ ঠিক করা উচিত।

কতক্ষণ পরের রুটি খাওয়া নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, রুটি তৈরির পর প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা হলে তা খাওয়া যেতে পারে। তবে রুটি কীভাবে রাখা হয়েছে, সেটিই গুরুত্বপূর্ণ।

রুটি দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখা উচিত না। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে। তাই রুটি ঠান্ডা হওয়ার পর ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

পরদিন খাওয়ার আগে রুটিতে অস্বাভাবিক গন্ধ বা অন্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কি না, তা খেয়াল করতে হবে। নষ্ট হওয়ার লক্ষণ থাকলে তা খাওয়া উচিত না।

বাসি রুটি খাওয়ার ক্ষেত্রে যারা সতর্ক থাকবেন

গমের রুটিতে গ্লুটেন থাকে। যাদের সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন সংবেদনশীলতা আছে, তাদের জন্য সাধারণ গমের রুটি উপযুক্ত না।

এ ছাড়া ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসের সমস্যায় আক্রান্ত কিছু মানুষের ক্ষেত্রে গমের রুটি খেলে পেট ফাঁপা, অস্বস্তি বা হজমের সমস্যা বাড়তে পারে। তাই এ ধরনের সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবার নির্বাচন করা উচিত।

তাজা নাকি বাসি, কোন রুটি খাবেন?

তাজা ও সঠিকভাবে সংরক্ষণ করা বাসি রুটি, দুটোই পুষ্টিকর খাবারের অংশ হতে পারে। বাসি রুটিতে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হওয়ার কারণে কিছু বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এর ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পরিবর্তন হবে, এমন কোনো প্রমাণ নেই।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রুটি সঠিকভাবে সংরক্ষণ করা ও এর সঙ্গে সবজি ও প্রোটিনযুক্ত খাবার রাখা। শুধু বাসি রুটি খেলেই বিশেষ কোনো স্বাস্থ্য উপকার পাওয়া যাবে, এমন ধারণা ঠিক না।

সূত্র: Hindustan Times