গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন

মাছ খেতে গিয়ে অসাবধানতাবশত গলায় কাঁটা আটকে যাওয়ার ঘটনা আমাদের অনেকের সঙ্গেই ঘটে। ছোট্ট একটি কাঁটা গলায় আটকে গিয়ে অস্বস্তি ও তীব্র ব্যথার সৃষ্টি করতে পারে। অনেকে তো কাঁটার ভয়ে মাছ খাওয়াই কমিয়ে দেন। কাঁটা বের করার জন্য সব সময় ডাক্তারের কাছে যাওয়ারও সুযোগ থাকে না। অনেকেই এমন পরিস্থিতিতে ভাত, কলা বা রুটির মতো খাবার খেয়ে কাঁটা নামানোর চেষ্টা করেন। আবার কেউ কেউ ভিনেগার পান করেন।
কিন্তু এসব পদ্ধতি কি সত্যিই কার্যকর? মাছের কাঁটা গলা থেকে পাকস্থলীতে চলে গেলে কী হয়? এটি কি হজম হয়ে যায়, নাকি শরীরের অন্য কোনো ক্ষতি করতে পারে?
চিকিৎসকের মতে, মাছের কাঁটা গলার কোথায় আটকে আছে আর কী ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, তার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করে। কিছু ক্ষেত্রে কাঁটা নিজে থেকেই নেমে যেতে পারে। আবার, কাঁটা খাদ্যনালিতে আটকে থাকলে তা থেকে ক্ষত, সংক্রমণসহ গুরুতর জটিলতা তৈরি হতে পারে। তাই গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করতে হবে ও কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত দেয়, তা জানা জরুরি।
মাছের কাঁটা গলায় আটকে যায় কেন?
মাছের কাঁটা সাধারণত সরু, ছোট ও ধারালো হয়। খাওয়ার সময় মাছ বাছার পরও সেগুলো চোখ এড়িয়ে গেলে খাবারের সঙ্গে গলায় চলে যেতে পারে।

জিহ্বার গোড়া, গলার পেছনের অংশ বা খাদ্যনালির প্রবেশমুখে কাঁটা আটকে যেতে পারে। বিশেষ করে তাড়াহুড়ো করে খাওয়া বা ভালোভাবে না চিবানোর কারণে অনেক সময় এমন ঘটনা ঘটতে পারে। শিশু ও বয়স্কদের মাছ খাওয়ানোর সময় বাড়তি সতর্কতা খুব জরুরি।
গলায় মাছের কাঁটা আটকে গেলে কী কী লক্ষণ দেখা যায়?
কাঁটা আটকে গেলে গলায় অস্বস্তি বা ব্যথা শুরু হয়। তবে কাঁটার আকার এবং অবস্থানের ওপর নির্ভর করে লক্ষণের ধরন ভিন্ন হতে পারে। যেমন-
- গলায় খচখচে বা সুচ ফোটানোর মতো অনুভূতি।
- ঢোক গিলতে গেলে ব্যথা হওয়া।
- গলার নির্দিষ্ট স্থানে কিছু আটকে থাকার অনুভূতি।
- খাবার বা পানি গিলতে অসুবিধা।

- বারবার কাশি হওয়া।
- অতিরিক্ত লালা তৈরি হওয়া।
- থুতুর সঙ্গে রক্ত বের হওয়া।
- ঘাড় বা গলার নির্দিষ্ট অংশে ব্যথা।
কাঁটা খাদ্যনালিতে আটকে গেলে ঘাড়ের নিচের অংশ বা বুকেও ব্যথা হতে পারে। কখনও খাবার বা পানি গিললে তা আবার মুখে ফিরে আসতে পারে।
গলায় কাঁটা নামানোর ঘরোয়া উপায়
গলায় মাছের কাঁটা আটকে গেলে অনেকেই ঘরোয়া পদ্ধতিতে তা বের করার চেষ্টা করেন। তবে এগুলোর কার্যকারিতার পক্ষে তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। প্রচলিত পদ্ধতিগুলো হলো-
ভাতের দলা খাওয়া: গলার কাঁটা নামাতে ঘরোয়া পদ্ধতির মধ্যে সবচেয়ে প্রচলিত হলো ভাতের দলা গিলে খাওয়া। মনে করা হয়, ভাতের দলাটি গলায় গিয়ে ঠেলে কাঁটাকে পেটের ভেতরে নিয়ে যাবে। তবে এই পদ্ধতি নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

অলিভ অয়েল খাওয়া: অলিভ অয়েল প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসেবে পরিচিত। অলিভ অয়েল খেলে গলার ভেতরের অংশ ও কাঁটার চারপাশ কিছুটা পিচ্ছিল হতে পারে বলে ধারণা করা হয়। তবে অলিভ অয়েল খেলেই কাঁটা বের হয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
কাশি দেওয়া: অনেক সময় মাছের কাঁটা গলার পেছনের দিকে, বিশেষ করে টনসিলের আশপাশে আটকে যায়। এমন অবস্থায় স্বাভাবিকভাবে কাশি দিলে কাঁটাটি নড়ে গিয়ে বের হয়ে আসতে পারে। তবে জোর করে বারবার কাশি দেওয়ার চেষ্টা করা উচিত না। কাঁটা আটকে থাকার উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
কলা খাওয়া: মাছের কাঁটা গলায় আটকে গেলে কলা খাওয়ার পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। প্রচলিত ধারণা অনুযায়ী, কলার নরম ও আঠালো অংশ কাঁটাকে ধরে নিচে নামাতে সাহায্য করতে পারে। তবে ধারালো কাঁটা আটকে থাকলে বড় কলার টুকরো গিলে কাঁটা নামানোর চেষ্টা করবেন না।
পানিতে ভেজানো রুটি খাওয়া: গলায় খাবার আটকে গেলে রুটি খাওয়ার প্রচলন আছে। এই পদ্ধতিতে এক টুকরো রুটি প্রায় এক মিনিট পানিতে ভিজিয়ে নরম করে গিলে ফেলার কথা বলা হয়।

ধারণা করা হয়, রুটির ভারের কারণে কাঁটাটি নিচের দিকে চলে যেতে পারে। তবে এভাবে খাবার গিলে খেলে তা আরও গভীরে ঠেলে দিতে পারে।
কার্বনেটেড পানীয় পান করা: সোডা বা অন্যান্য কার্বনেটেড পানীয় পান করেও অনেকে গলায় আটকে থাকা কাঁটা নামানোর চেষ্টা করেন। এ ধরনের পানীয় খাদ্যনালিকে কিছুটা প্রসারিত করতে ও খাদ্যনালির নিচের অংশের পেশি শিথিল করতে পারে বলে ধারণা করা হয়। ফলে আটকে থাকা খাবার পাকস্থলীতে যেতে সুবিধা হতে পারে।
তবে মাছের কাঁটা বের করার ক্ষেত্রে কার্বনেটেড পানীয়ের কার্যকারিতার তেমন প্রমাণ নেই।
কিছুক্ষণ অপেক্ষা করা: গলায় কাঁটা আটকে আছে বলে মনে হলেই সেখানে সব সময় কাঁটা না-ও থাকতে পারে। কখনো মাছের কাঁটা গলার ভেতরের নরম অংশে আঁচড় দিয়ে নিচে নেমে যায়। কিন্তু আঁচড়ের কারণে কিছু সময় খচখচে অনুভূতি বা ব্যথা থাকতে পারে।
শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকলে ও তীব্র ব্যথা, রক্তপাত বা গিলতে সমস্যা না থাকলে কিছুটা সময় পর্যবেক্ষণ করা যেতে পারে। তবে উপসর্গ না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্বাসকষ্ট হলে অপেক্ষা না করে জরুরি বিভাগে যেতে হবে।
মাছের কাঁটা গলায় আটকে গেলে ভাত, কলা বা রুটি খাওয়া কি ঠিক?
আমাদের দেশে মাছের কাঁটা গলায় আটকে গেলে ভাতের দলা, কলা বা রুটি খাওয়ারই সবচেয়ে বেশি প্রচলন আছে। অনেকের ধারণা, খাবারের বড় দলা গিলে ফেললে কাঁটা তার সঙ্গে নিচে নেমে যাবে। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধারণা নিরাপদ না।

গলার ভেতরে ধারালো কাঁটা আটকে থাকলে বড় খাবারের দলা গিলে ফেললে কাঁটাটি আরও গভীরে ঢুকে যেতে পারে। এতে গলার টিস্যুতে ক্ষত তৈরি হতে পারে এবং কাঁটা বের করাও কঠিন হয়ে উঠতে পারে।
মাছের কাঁটা পেটে চলে গেলে কি হজম হয়ে যায়?
এটি অনেকেরই সাধারণ প্রশ্ন। মাছের কাঁটা গলা দিয়ে নেমে পাকস্থলীতে পৌঁছালে সেটি কি খাবারের মতো হজম হয়ে যায়?
মাছের কাঁটা মূলত ক্যালসিয়াম ফসফেট ও অন্যান্য খনিজ উপাদান দিয়ে তৈরি। পাকস্থলীর অ্যাসিড ও হজম প্রক্রিয়ায় কাঁটার কিছু উপাদান ভেঙে যেতে পারে। তবে কাঁটা সম্পূর্ণ গলে যাবে বা হজম হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।
যদি কাঁটাটি পাকস্থলী ও অন্ত্র দিয়ে কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করতে পারে, তাহলে অনেক সময় মলের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যেতে পারে।
আমেরিকান সোসাইটি ফর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপি বা ASGE-এর নির্দেশিকা অনুযায়ী, বেশিরভাগ গিলে ফেলা বস্তু পরিপাকতন্ত্র দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়। তবে ধারালো বস্তু, বিশেষ করে মাছের কাঁটা, খাদ্যনালি বা অন্ত্রের দেয়ালে ক্ষত ও ছিদ্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে।
তাই মাছের কাঁটা পেটে চলে গেছে মনে হলে সব ক্ষেত্রে নিশ্চিন্ত হয়ে বসে থাকা ঠিক না। কাঁটা গেলার পর ব্যথা, বমি, পেটব্যথা বা রক্তপাত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

মাছের কাঁটা পেটে গেলে কী ধরনের ক্ষতি হতে পারে?
কাঁটা পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর পরও কিছু ঝুঁকি থেকে যায়। বিশেষ করে কাঁটাটি বড় বা ধারালো হলে পরিপাকতন্ত্রের বিভিন্ন স্থানে আটকে যেতে পারে। সম্ভাব্য জটিলতাগুলো হলো-
অন্ত্রে আটকে যাওয়া: অন্ত্রের কোনো সরু অংশে কাঁটা আটকে গেলে খাবার ও বর্জ্য চলাচলে বাধা তৈরি হতে পারে।
অন্ত্রের দেয়ালে ক্ষত: ধারালো কাঁটা অন্ত্রের ভেতরের আবরণে আঘাত করতে পারে।
অন্ত্রে ছিদ্র: কাঁটা অন্ত্রের দেয়াল ভেদ করে বাইরে চলে গেলে পেটের ভেতরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
পেটে ব্যথা ও বমি: কাঁটা আটকে গেলে পেটব্যথা, বমি, জ্বর বা পেট ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
অভ্যন্তরীণ রক্তপাত: কাঁটার কারণে পরিপাকতন্ত্রে ক্ষত তৈরি হলে রক্তপাত হতে পারে। মলের সঙ্গে রক্ত বা কালো পায়খানা দেখা দিতে পারে।
তবে এসব জটিলতা প্রত্যেকের ক্ষেত্রে হয় না। বেশিরভাগ সময় কাঁটা কোনো সমস্যা ছাড়াই শরীর থেকে বেরিয়ে যায়।
গলায় কাঁটা আটকে গেলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
মাছের কাঁটা নিজে থেকে বের না হলে বা গলার ভেতরে আটকে থাকলে থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, কাঁটা খাদ্যনালিতে আটকে গেলে এটি বিপজ্জনক হতে পারে। কারণ ধারালো কাঁটা খাদ্যনালির দেয়ালে ছিদ্র বা ক্ষত তৈরি করতে পারে। এর ফলে সংক্রমণ, এমনকি বিরল ক্ষেত্রে জীবনহানিকর জটিলতাও দেখা দিতে পারে। এই লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে-
- বুকে ব্যথা অনুভব করা।
- গলা বা ঘাড়ের কোনো অংশ ফুলে যাওয়া।
- শরীরে অস্বাভাবিক ফোলা বা কালশিটে দেখা দেওয়া।
- অতিরিক্ত লালা জমা হওয়া বা থুতু গিলতে না পারা।
- খাবার, পানি বা লালা গিলতে না পারা।
- শ্বাস নিতে অসুবিধা হওয়া।
- তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা।
- গলা থেকে রক্ত বের হওয়া।
বিশেষ করে শ্বাসকষ্ট, শ্বাসনালি বন্ধ হয়ে আসা বা লালা গিলতে না পারার মতো সমস্যা হলে তা জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করতে হবে।
চিকিৎসক কীভাবে গলা থেকে মাছের কাঁটা বের করেন?
ঘরোয়া পদ্ধতিতে কাঁটা বের না হলে চিকিৎসক পরীক্ষা করে সেটি বের করার ব্যবস্থা করেন। অনেক ক্ষেত্রে গলার পেছনের দিকে কাঁটাটি দেখা গেলে চিকিৎসক বিশেষ যন্ত্রের সাহায্যে সহজেই তা সরিয়ে ফেলতে পারেন। তবে কাঁটাটি সরাসরি দেখা না গেলে এন্ডোস্কোপি করতে পারেন।

এন্ডোস্কোপি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে লম্বা ও নমনীয় একটি নলের মাথায় থাকা ছোট ক্যামেরার সাহায্যে শরীরের ভেতরের অংশ দেখা হয়। চিকিৎসক এই যন্ত্রের মাধ্যমে খাদ্যনালি বা গলার ভেতরে আটকে থাকা কাঁটার অবস্থান শনাক্ত করে তা বের করতে পারেন।
মেডিকেল নিউজ টুডে-তে উল্লেখিত ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে, মাছের কাঁটা বের করতে এন্ডোস্কোপিক পদ্ধতি প্রচলিত কিছু পদ্ধতির তুলনায় বেশি কার্যকরী হতে পারে।
তবে কাঁটা যদি খাদ্যনালির দেয়ালে গভীরভাবে ঢুকে যায় বা বিশেষভাবে আটকে থাকে, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। চিকিৎসক রোগীর অবস্থা ও কাঁটার অবস্থান বিবেচনা করে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করেন।
কাঁটার অবস্থান ও রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হয়।
মাছের কাঁটা গলায় আটকে যাওয়া এড়াতে যা করবেন
মাছ খাওয়ার সময় কিছু সতর্কতা মেনে চললে গলায় কাঁটা আটকে যাওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
আস্ত মাছের পরিবর্তে ফিলেট বেছে নিন: মাছের ফিলেটে সাধারণত কাঁটার পরিমাণ কম থাকে। তবে ফিলেটেও ছোট কাঁটা থাকতে পারে, তাই সতর্ক থাকতে হবে।

ছোট ছোট টুকরো করে খান: একবারে বড় টুকরো মুখে না নিয়ে ছোট টুকরো করে খাওয়া ভালো।
ভালোভাবে চিবিয়ে খান: খাবার গেলার আগে ভালোভাবে চিবিয়ে নেওয়া উচিত।
ধীরে ধীরে খাবার খান: তাড়াহুড়ো করে খেলে ছোট কাঁটা চোখ এড়িয়ে যেতে পারে। তাই সময় নিয়ে খাওয়া উচিত।
শিশুদের খাওয়ার সময় নজর রাখুন: শিশুদের মাছ খাওয়ানোর আগে ভালোভাবে কাঁটা বেছে নিতে হবে। খাওয়ার সময়ও তাদের দিকে নজর রাখা জরুরি।
বয়স্ক ব্যক্তিদের সতর্ক রাখুন: যাদের খাবার চিবানো বা গিলতে সমস্যা আছে, তাদের মাছ খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।
মাছের কাঁটা গলায় আটকে গেলে অবহেলা করবেন না
মাছের কাঁটা গলায় আটকে যাওয়ার ঘটনা সাধারণ হলেও সব সময় বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক না। কখনো কাঁটা নিজে থেকেই নেমে যেতে পারে, আবার কখনো গলার ভেতরে ক্ষত তৈরি করে জটিলতা সৃষ্টি করতে পারে।
তাই গলায় কাঁটা আটকে গেলে জোর করে ভাত, রুটি, কলা বা অন্য খাবার গিলে তা নামানোর চেষ্টা না করাই নিরাপদ। ব্যথা বা আটকে থাকার অনুভূতি চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর শ্বাসকষ্ট, অতিরিক্ত লালা পড়া বা গিলতে না পারার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
তথ্যসূত্র
Medical News Today: What to know about a fish bone in the throat
Healthline: What a Fish Bone Stuck in the Throat Feels Like and What to Do About It
The Ent Doctor: Fish Bone Stuck in Throat? Home Remedies to Avoid
National Library of Medicine: Fish Bone Foreign Body: The Role of Imaging










