ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত থাকায় কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভার পর ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যা-ই হোক না কেন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তবে কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় ক্যাম্পাসের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
