logo

‘আম্মাজান’ শবনমের হাতে উঠছে আজীবন সম্মাননা

‘আম্মাজান’ শবনমের হাতে উঠছে আজীবন সম্মাননা

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় নায়ক মান্নার মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি। এবার বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের নামে প্রবর্তিত ‘বশির আহমেদ সম্মাননা’য় এবার শবনমকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে এবারের আয়োজন। বিকেল ৪টায় শুরু হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সম্মাননা পাওয়ার খবরে আনন্দিত শবনম। তবে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে তার। তারপরও সম্মাননা গ্রহণের জন্য অনুষ্ঠানে যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

শবনমের অভিনীত বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন বশির আহমেদ। গানগুলো শ্রোতাদের কাছে জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশ- দুই দেশেই এই সংগীতশিল্পীর সঙ্গে দেখা হয়েছে তার। বশির আহমেদকে একজন গুণী শিল্পী ও ভালো মনের মানুষ হিসেবে স্মরণ করেন শবনম। শিল্পীর কাছ থেকে পাওয়া প্রশংসার স্মৃতিও এখনও মনে রেখেছেন তিনি।

অভিনেত্রী জানান, বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির কিছুদিন আগে তার সঙ্গে দেখা করে বাবার নামে প্রবর্তিত সম্মাননায় ভূষিত করার ইচ্ছার কথা জানান। খবরটি শুনে তিনি ভীষণ আনন্দিত হন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

২০১৯ সালে বশির আহমেদের জীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির চালু করেন এই সম্মাননা। সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিয়মিত আয়োজনটি অনুষ্ঠিত হয়। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে তিন বছর বন্ধ ছিল। বিরতি কাটিয়ে এবার আবারও ফিরছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণ ও গুণী শিল্পীদেরও সম্মাননা জানানো হবে।

শবনমকে আজীবন সম্মাননা দেওয়ার বিষয়ে হোমায়রা বশির বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শবনমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বশির আহমেদকে ছাড়া যেমন বাংলাদেশের সংগীতের ইতিহাস অসম্পূর্ণ, তেমনি শবনমকে বাদ দিয়ে দেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা সম্ভব নয়। অভিনেত্রীর হাতে বাবার নামে প্রবর্তিত সম্মাননা তুলে দিতে পেরে তারা আনন্দিত।

অন্যদিকে রাজা বশির জানান, কয়েক বছর বিরতির পর আবারও বাবার নামে সম্মাননা আয়োজন করতে পেরে তারা আনন্দিত। সবার সহযোগিতায় এবারের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

১৯৪৬ সালে ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন শবনম। ষাটের দশকে করাচির চলচ্চিত্র জগতে অভিনয়জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে পাকিস্তানের চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাকিস্তানের মর্যাদাপূর্ণ নিগার পুরস্কার পেয়েছেন ১২ বার।

স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন শবনম। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের পর কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় তার অভিনয় বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। সিনেমাটিতে মান্নার মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ‘আম্মাজান’ নামেই পরিচিতি পান তিনি। এটি ছিল তার অভিনীত শেষ সিনেমা।