মিশরে তিন বছর পর ফ্ল্যাট থেকে সাবেক মন্ত্রীর বোনের মরদেহ উদ্ধার

মিশরের রাজধানী কায়রোর পার্শ্ববর্তী গিজা প্রদেশের আল-হারাম এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৭২ বছর বয়সী এক নারী চিকিৎসকের গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দেশটির সাবেক এক মন্ত্রীর বোন এবং পেশায় একজন অবসরপ্রাপ্ত চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন।
স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। মৃত্যুর প্রায় তিন বছর পর তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফ্ল্যাটের মালিকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বাড়িটি দখলমুক্ত করতে গিয়ে ঘটনাটি সামনে আসে। দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করা এবং ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাড়িটির মালিক আইনি পদক্ষেপ নেন।
পরিচয় মিলল মিশরের কারাগারে আটক ৬৫ বাংলাদেশির, দেশে ফেরার আকুতি
আদালতের নির্দেশ বাস্তবায়নে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফ্ল্যাটটিতে পৌঁছালে দরজা খুলতে সমস্যার সৃষ্টি হয়। ওই নারীর কোনো খোঁজখবর না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফ্ল্যাটে প্রবেশ করা হয়। পরে একটি কক্ষ থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী চিকিৎসক প্রায় তিন বছর ধরে প্রতিবেশী ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি ক্রমেই নিজেকে গুটিয়ে নেন এবং একাকী জীবনযাপন শুরু করেন। একপর্যায়ে তাঁর জীবন অনেকটা ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে।
মিশর থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া আরও ৪১ বাংলাদেশি
মরদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত নারীর পরিচয়, মৃত্যুর সময় এবং কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাগত পরীক্ষা শুরু করে।
এদিকে, জনবহুল আবাসিক এলাকায় বসবাস করেও কীভাবে একজন মানুষের মৃত্যুর খবর প্রায় তিন বছর অজানা থেকে গেল, তা নিয়ে মিশরে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি বয়স্ক ও একাকী বসবাসকারী মানুষের নিরাপত্তা, পারিবারিক যোগাযোগ এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।








