logo

ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত, অভিযোগ জানালেন কোচ

ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত, অভিযোগ জানালেন কোচ
নওশাদ মুসা। পুরোনো ছবি

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় এসে নিরাপত্তা কিংবা আতিথেয়তা নিয়ে কোনো অভিযোগ নেই ভারতের। তবে খাবারের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ নওশাদ মুসা। তার অভিযোগ, ফুটবলারদের প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া হচ্ছে। বিশেষ করে ম্যাচের পর খেলোয়াড়দের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এরই মধ্যে বিষয়টি সমাধানে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছে দলটির ম্যানেজমেন্ট।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নওশাদ। ভারতীয় সংবাদমাধ্যমে ঢাকার আতিথেয়তা ও নিরাপত্তা নিয়ে নেতিবাচক খবর প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

ভারতীয় কোচ জানান, সামগ্রিক আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই তাদের। তবে হোটেলে ফুটবলারদের জন্য নির্দিষ্ট করে দেওয়া খাবারের মেন্যুতে আপত্তি রয়েছে।

নওশাদের ভাষায়, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক আছে। একমাত্র সমস্যা খাবার নিয়ে।’

তার মতে, কোনো দলের ফুটবলারদের জন্য প্রতিদিন একই খাবার নির্ধারণ করে দেওয়া ঠিক নয়। বিশেষ করে পেশাদার ফুটবলারদের খাদ্যাভ্যাস ও শারীরিক চাহিদা বিবেচনায় মেন্যুতে পরিবর্তনের সুযোগ থাকা প্রয়োজন।

ম্যাচের পর খাবারের গুরুত্ব তুলে ধরে নওশাদ বলেন, ম্যাচের দিন ফুটবলাররা সাধারণত খুব বেশি খাবার খান না। তাই খেলা শেষে তাদের শরীরের শক্তি ফিরে পেতে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার প্রয়োজন। কিন্তু হোটেলে ফিরে প্রতিদিন একই ধরনের খাবার পাচ্ছেন তারা।

বিষয়টি সমাধানে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানিয়েছেন এই কোচ। তিনি জানান, দলের ম্যানেজারের মাধ্যমে ফেডারেশনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যে সকালের নাশতা নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়েছে। তবে দুপুর ও রাতের খাবারের মেন্যু নিয়ে এখনও আলোচনা চলছে।

খাবার নিয়ে অসন্তোষ থাকলেও বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করেছেন নওশাদ। জানিয়েছেন, ম্যাচ কিংবা অনুশীলনের জন্য যাতায়াতের সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকছেন। দলের গাড়ির সঙ্গে থাকছে নিরাপত্তাবহরও। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা সমস্যার মুখোমুখি হতে হয়নি তাদের।

তবে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন না ভারতীয় ফুটবলাররা।

এ নিয়ে রসিকতা করে নওশাদ বলেন, ‘ঢাকা উপভোগ করতে হলে তো বাইরে যেতে হবে, তাই না? কিন্তু আমাদের বাইরে যাওয়ার অনুমতি নেই।’

এদিকে মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট ভারতীয় কোচ। পাকিস্তানের পর মালদ্বীপকেও হারিয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে দল গঠন নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে নওশাদকে। প্রথম ম্যাচে খেলা পাঁচ ফুটবলার ইতোমধ্যে দল ছেড়ে দেশে ফিরেছেন। অন্যদিকে, নতুন করে দলে যোগ দিয়েছেন ১০ জন। তাদের নিয়ে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি।

ভারতীয় কোচ জানান, এমন পরিস্থিতিতে দলকে প্রস্তুত করা সহজ নয়। পর্যাপ্ত অনুশীলন ক্যাম্পের সুযোগ না পেলেও মালদ্বীপের বিপক্ষে ফুটবলারদের পারফরম্যান্সে খুশি তিনি।

প্রতিপক্ষ মালদ্বীপের প্রশংসাও করেছেন নওশাদ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে মালদ্বীপ যেভাবে আক্রমণ করেছে, সেটিকে গুরুত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ সেভ করা তরুণ গোলরক্ষক প্রিয়ানশ দুবের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন ভারতীয় কোচ।

আগামী শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে মাঠে নামবে ভারত। নওশাদের মতে, প্রতিপক্ষ যে দলই হোক, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শেষ চারের লড়াইয়ের আগে দুই দিনের অনুশীলনে দলকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি।

তবে তার আগে মাঠের বাইরের খাবারসংক্রান্ত সমস্যার সমাধানও চাইছেন ভারতীয় কোচ।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট