logo

হন্তারকের মৃত্যুদণ্ড রায়ের পর সুমাইয়ার কবর জিয়ারত করলেন সহপাঠীরা

হন্তারকের মৃত্যুদণ্ড রায়ের পর সুমাইয়ার কবর জিয়ারত করলেন সহপাঠীরা
সুমাইয়ার কবর জিয়ারত করলেন সহপাঠীরা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি ও তার মাকে হত্যার মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুমাইয়ার কবর জিয়ারত করেছেন তার সহপাঠীরা।

বুধবার (১১ নভেম্বর) রায় ঘোষণার পর তারা কুমিল্লা নগরের সুজানগর এলাকায় সুমাইয়ার কবর জিয়ারত করেন। এসময় তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। আদালত সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেন। একইসঙ্গে তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুই হত্যার ঘটনায় মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া আফরিন রিনথি ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলার তদন্ত ও আদালতে দেওয়া আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে বাসায় গিয়ে সুমাইয়াকে ধর্ষণ করেন তিনি। এসময় তার মা তাহমিনা বেগম বিষয়টি দেখে ফেললে প্রথমে তাকে এবং পরে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করেন মোবারক। হত্যাকাণ্ডের পর বাসা থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ ঘটনায় সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম প্রকাশ ফয়সাল বাদী হয়ে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার বিচারিক কার্যক্রমে ২০২৬ সালের ১৬ আগস্ট আদালত মামলাটি আমলে নেন। ২০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ১৯ অক্টোবর আসামিকে পরীক্ষা এবং ২৭ অক্টোবর যুক্তিতর্ক শেষে ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। পরবর্তী সময়ে রায়ের তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়।