logo

গাড়ির টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গাড়ির টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
দুপক্ষের সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

মৌলভীবাজারের রাজনগরে গাড়ির টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঘরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গাড়ির টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরের পর দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বসতবাড়িতে প্রবেশ করে মারধর শুরু করে। এ সময় দা দিয়ে কুপিয়ে কয়েকজনকে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন, একপক্ষের ঘরগাও গ্রামের মাসুম মিয়ার ছেলে সাগর (২০) এবং ফাক্কান মিয়ার ছেলে হৃদয় (২২)। আরেক পক্ষের মৃত নজির উদ্দিনের ছেলে দীপু মিয়া (৩২), সিরাজ মিয়ার ছেলে শিপু মিয়া (৫৫), মৃত রেমন মিয়ার ছেলে গুলম মিয়া (৬৫), মৃত ইকবাল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৪৫), আউয়াল মিয়ার ছেলে আদনান (১৮), দেলোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৭)। এছাড়াও আরও কয়েজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের চিকিৎসা দেন। চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক থাকায় সাগর ও মাসুমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে দীপু মিয়া ও গুলম মিয়াকে জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় শুনেছি কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।