logo

সুপারি পাড়া নিয়ে বিরোধ/বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
ভোলার লালমোহনে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার পর পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই মো. শহিদের (৬৬) হামলায় ছোট ভাই মো. আব্দুল জলিল (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. শহিদ উভয়েই মৃত মনু মিয়ার ছেলে। তাদের বাড়ি লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত আব্দুল জলিল নিজ বাগান থেকে সুপারি পাড়তে গেলে বড় ভাই মো. শহিদ তাতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই শহিদ সুপারি গাছের সঙ্গে ছোট ভাই জলিলের গলা চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে আব্দুল জলিলের মৃত্যু হয়।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।