logo

নবীর বাবা হয়েও জাহান্নামি যে কারণে

নবীর বাবা হয়েও জাহান্নামি যে কারণে
পবিত্র কোরআনের প্রচ্ছদ। ছবি: মাহাদ সুন্নাহ

আদম (আ.)-এর মৃত্যুর দুই হাজার বছর পর ইবরাহিম (আ.)-এর জন্ম। ইবরাহিম (আ.) আল্লাহর বন্ধু। তিনি মুসলিম জাতির পিতা। তিনি বিশ্বাসী মানুষের নাম রেখেছেন মুসলিম। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমাদের জাতির পিতা ইবরাহিম; তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম।’ (সুরা হজ, আয়াত: ৭৮)

তাঁর দুই সন্তান ইসমাইল (আ.) ও ইসহাক (আ.) এবং নাতি ইয়াকুব ছিলেন প্রসিদ্ধ নবী। ইসমাইল (আ.)-এর বংশে জন্ম হয় শেষ নবী মুহাম্মাদ (সা.)-এর। বনি ইসরাইলের নবী-রাসুলদের জন্ম হয় ইসহাক (আ.)-এর বংশে। ইবরাহিমই (আ.) পবিত্র মক্কা নগরীর প্রতিষ্ঠাতা। তাঁর মাধ্যমে পৃথিবীতে হজের সূচনা হয়। (সুরা আলে ইমরান, আয়াত: ৯৭)

ইবরাহিম (আ.)-এর জন্ম ক্যালডিয়ানদের শহর বাবেলে। (আল কুরআনের ভৌগলিক ইতিহাস, সাইয়েদ সুলাইমান নদভি, অনুবাদ: আবদুস সাত্তার আইনী, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৭২)। তাঁর বাবার নাম আজার। তাঁর গোত্র ফাদ্দানের লোকেরা ছিল অবিশ্বাসী। অবিশ্বাসী ছিল বাবা আজারও। বাবা কাঠমিস্ত্রির কাজ করত। গোত্রের লোকদের জন্য কাঠের মূর্তি বানাত। তারা এই মূর্তির পূজা করত। বাবার এই কাজ ইবরাহিমের পছন্দ হতো না। তিনি ভেবে আশ্চর্য হতেন, বাবা এগুলো নিজের হাতে বানান, ইচ্ছামতো এদের নাক, কান ও চোখ বসান। দেহাবয়ব কেটে-চেঁছে ঠিক করেন। আবার এগুলোর পূজা করেন। লোকেরা কিনে নিয়ে এদের আবার পূজা-অর্চনা করে। এগুলো খোদা বা উপাসক হতে পারে না। (কাসাসুল কোরআন, মাওলানা হিফজুর রহমান, অনুবাদ: আবদুস সাত্তার আইনী, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৪)

এক সময় ইবরাহিম (আ.) নবী হলেন। দেখলেন, তাঁর ঘরই মূর্তিপূজার প্রাণ ও আশ্রয়কেন্দ্র। জাতির মূর্তিদের মেরুদণ্ড তাঁরই বাবার ঘর। বাবার আয়োজন আর তত্ত্বাবধানেই মূর্তিতে ছেয়ে গেছে পাড়া-মহল্লা এবং অলি-গলি। বাবাকে মূর্তি তৈরি ও এর পূজা ছাড়তে অনুরোধ করলেন। বললেন, ‘আপনি এমন জিনিসের পূজা করছেন, যা শুনে না। দেখে না। আপনার কাজে আসে না। আপনি এদের ছেড়ে আমার কথা শুনুন। সহজ সরল পথে আসুন। আল্লাহর অনুসরণ করুন। শয়তানের উপসনা ছেড়ে দিন।’ বাবা তাঁর কথা শুনলেন না। পুরোনো ধর্মেই পড়ে রইলেন। (তাফসিরে মাআরিফুল কোরআন, মাওলানা মুহাম্মাদ ইদরিস কান্ধলভি, অনুবাদ: আব্দুল্লাহ আল ফারুক, খণ্ড: ৫, পৃষ্ঠা: ২৯৪)

ইবরাহিম (আ.) সম্প্রদায়ের লোকদের মূর্তির অসরতা সম্পর্কে বুঝালেন। নিজেদের হাতে বানানো মূর্তির পূজা করা যে কতটা মূর্খতা ও অজ্ঞতার ব্যাপার, সে বিষয়ে আলাপ করলেন। বললেন, ‘তোমরা নিষ্প্রাণ কাঠকে নিজেদের যন্ত্রের সাহায্যে কেটে-চেঁছে মূর্তি বানাও। পছন্দ অনুযায়ী গঠিত না হলে তা ভেঙে অন্য একটি বানাও। এদের পূজা করো। এদের সাহায্য চাও। এসব অনর্থক কাজ থেকে বিরত হও। এক আল্লাহর দিকে ফিরে এসো। তারকা, চাঁদ, সূর্য তোমাদের প্রভু হতে পারে না। এসবের সৃষ্টিকর্তা আমার আল্লাহ।’ তারা তাঁর কথা কর্ণপাত করল না। তাঁকে উপহাস করল। বাপ-দাদার ধর্মে অটল থাকল। আল্লাহর অবাধ্যতার মাত্রা বাড়িয়ে দিল। আল্লাহ বলেন, ‘ আমি এর আগে ইবরাহিমকে সঠিক পথে চলার জ্ঞান দান করেছিলাম আর তার সম্পর্কে আমি খুব ভালোভাবে জানতাম। যখন সে তাঁর পিতাকে ও তাঁর জাতিকে বলল, ‘এ মূর্তিগুলো কী যাদের সঙ্গে তোমরা নিজেদের (ভক্তির বাঁধনে) বেঁধে রেখেছ?’ তারা বলল, ‘আমরা আমাদের পিতৃপুরুষদের এদের পূজা করতে দেখেছি। সে বলল, ‘তোমরা রয়েছ স্পষ্ট পথভ্রষ্টতায়, তোমরা আর তোমাদের পিতৃপুরুষরাও।’ তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে প্রকৃত সত্য এনেছ, না তুমি আমাদের সঙ্গে তামাশা করছ?’ সে বলল, ‘বরং, তোমাদের প্রতিপালক হলেন আকাশ ও পৃথিবীর প্রতিপালক যিনি ওগুলো সৃষ্টি করেছেন, আর এ বিষয়ে আমি একজন সাক্ষ্যদাতা।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৫১-৫৬)

তিনি বাবাকে প্রতিনিয়ত আল্লাহর পথে দাওয়াত দিয়ে চললেন। নানাভাবে বুঝালেন। চোখে আঙুল দিয়ে সত্য দেখালেন। সত্য উপলব্ধি করার আহ্বান জানালেন। বাবার কাছে জানতে চাইলেন, যে জিনিস নিজ হাতে বানানো হয়, যা বাজারে নিয়ে বিক্রি করা যায়, যার গলায় রশি বেঁধে রাখা যায়, কুড়াল দিয়ে টুকরো টুকরো করা যায়, এমন জিনিস কী করে উপাস্য হয়? বাবার প্রতি পূর্ণ ভালোবাসা, কোমলতা ও আর্দ্রতা নিয়ে বললেন, ‘আপনি মূর্তিপূজা না ছাড়লে পরিণাম শুভ হবে না। আপনাকে শাস্তি পেয়ে বসবে। শয়তান আপনার সাথি হবে।’ ছেলের কথা শুনে বাবা রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। উদ্যত হলেন। মূর্তিদের নিন্দা করার কারণে শাসালেন। বললেন, ‘এ রকম কথাবার্তা ও কাজ থেকে বিরত না হলে আমি তোমার মুখ দেখতে চাই না। আজীবনের জন্য দূরে চলে যাও। না হয় তোমাকে পাথর মেরে হত্যা করব।’ ইবরাহিম বাবার প্রতি রাগ করেননি। উদ্যত হননি। বরং বাবার জন্য হেদায়াতের দোয়া করলেন। তাঁর কল্যাণ চাইলেন আল্লাহর কাছে। (তাফসিরে ইবনে কাসির, খণ্ড : ৭, পৃষ্ঠা : ৭৩-৭৪)

পবিত্র কোরআনে বাবা-ছেলের এ ঘটনা আল্লাহ তাআলা মুহাম্মাদ (সা.)-কে শুনিয়েছেন এভাবে- ‘(হে মুহাম্মাদ,) স্মরণ করো, এই কিতাবে উল্লিখিত ইবরাহিমের কথা; সে ছিল সত্যনিষ্ঠ নবী। (স্মরণ করো সেই সময়ের কথা,) যখন সে তার বাবাকে বলল, ‘হে আমার বাবা, তুমি কেনো তার (এমন একটি পদার্থের) ইবাদত করো যে শুনে না, দেখে না এবং তোমার কোনোই কাজে আসে না? হে আমার পিতা, আমার কাছে তো এসেছে জ্ঞান (জ্ঞানের আলো) যা তোমার কাছে আসেনি; সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাব। হে আমার বাবা, শয়তানের ইবাদত (দাসত্ব) করো না। শয়তান তো দয়াময়ের অবাধ্য। হে আমার বাবা, আমি তো আশঙ্কা করি যে, দয়াময়ের শাস্তি তোমাকে স্পর্শ করবে, তখন তুমি হয়ে পড়বে শয়তানের বন্ধু।’ (এসব কথা শুনে) বাবা বলল, ‘হে ইবরাহিম, তুমি কি আমার দেব-দেবী থেকে বিমুখ? যদি তুমি নিবৃত্ত না হও তাহলে আমি পাথরের আঘাতে তোমার প্রাণ বধ করবই; তুমি (যদি নিজের ভালো চাও তাহলে) চিরদিনের জন্য আমার কাছ থেকে দূর হয়ে যাও।’ ইবরাহিম বলল, ‘তোমার প্রতি সালাম। (আমি পৃথক হয়ে যাচ্ছি) আমি আমার প্রতিপালকের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। আমি তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে পৃথক হচ্ছি; আমি আমার প্রতিপালককে আহ্বান করি; আশা করি, আমার প্রতিপালককে আহ্বান করে আমি ব্যর্থ হব না।’ (সুরা মরিয়ম, আয়াত: ৪১-৪৮)

ইবরাহিম (আ.) অবিশ্বাসীদের সঙ্গে আর সম্পর্ক রাখলেন না। বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও মাতৃভূমির বন্ধন ছিঁড়ে ফেললেন। পথ ধরলেন শাম দেশের। সঙ্গে আছেন স্ত্রী সারা ও বিশ্বাসী ভাতিজা লুত (আ.)। কেনআনে গিয়ে উঠলেন; যাকে ফিলিস্তিন ধরা হতো তখন।

আল্লাহ তাঁর প্রতি খুশি হলেন। তাঁকে দিলেন ছেলে ইসমাইল, ইসহাক ও নাতি ইয়াকুব (আ.)। অথচ সেসময় তাঁর বয়স একশ বিশ বছর ও স্ত্রী সারার প্রায় একশ বছর। তাঁরা দুজনই ছিলেন বৃদ্ধ। বয়সের ভাড়ে নুব্জপীঠ। তাঁরা সন্তানের আশাও ছেড়ে দিয়েছিলেন। তিনি আল্লাহর জন্য আত্মীয়-স্বজন ছেড়ে ছিলেন, তাই আল্লাহ তাঁকে দিলেন উত্তম জিনিস—নেক সন্তান। তাদের একাকীত্ব ঘুচালেন। পৃথিবীতে তাঁদের সুনাম ছড়িয়ে দিলেন। পৃথিবীর সব ধর্মের লোকজন তাঁদের গুণকীর্তন করে। আল্লাহ বলেন, ‘এরপর যখন তিনি পৃথক হয়ে গেলেন তাদের থেকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের পূজা করত তাদের থেকে, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব। এবং উভয়কে করলাম নবী। আমি তাদের আমার রহমত দান করলাম এবং তাদের জন্য সুখ্যাতি রাখলাম।’ (সুরা মরিয়ম, আয়াত: ৪৯-৫০)

ইবরাহিম (আ.)-এর স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাইল সেসময় থাকতেন কাবাঘরের পাদদেশে। উল্লিখিত আয়াতে সেই সন্তানদের কথা আলোচনা করা হয়েছে, যাদের আল্লাহ তাআলা আত্মীয়-স্বজন ছাড়ার বিনিময় হিসেবে দান করেছিলেন। ইসমাইল বাবার সঙ্গে থাকতেন না। শৈশবেই তিনি বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। (তাফসিরে মাআরিফুল কোরআন, মাওলানা মুহাম্মাদ ইদরিস কান্ধলভি, অনুবাদ : আব্দুল্লাহ আল ফারুক, খণ্ড : ৫, পৃষ্ঠা : ২৯৬)

এদিকে ইবরামি (আ.)-এর কোমল দয়ার্দ্র মন বাবার জন্য প্রায়শই মোচড় দিয়ে উঠত। বাবার জন্য নিয়মিত ক্ষমার দোয়া করতেন। কল্যাণের দোয়া করতেন। হেদায়াতের প্রার্থনা করতেন। ভাবতেন, একদিন হয়তো তিনি বিশ্বাসী হবেন। কিন্তু বাবা আর মূর্তিপূজা ছেড়ে ইসলামের পথে ফিরে এলেন না। একত্ববাদে বিশ্বাসী হলেন না। কুফরির ওপরই মৃত্যু হলো তার। কুফরির ওপর বাবার মৃত্যুর খবর জানতে পেরে ইবরাহিম তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেন। তিনি যদি জানতেন, বাবার মৃত্যু কুফরির ওপরই হবে, তা হলে কখনোই তার জন্য মাগফিরাত কামনা করতেন না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘ইবরাহিমের বাবার জন্য ক্ষমা প্রার্থনার ব্যাপারটি শুধু তার প্রতিশ্রুতি রক্ষার্থে, যা সে তাঁর বাবাকে দিয়েছিল। কিন্তু যখন এটা তার কাছে স্পষ্ট হয়ে গেল যে, সে আল্লাহর শত্রু, তখন সে তার থেকে সম্পর্ক ছিন্ন করল; ইবরাহিম ছিল অতি কোমল হৃদয়, সহিষ্ণু।’ (সুরা তওবা, আয়াত: ১১৪)

ইবরাহিম (আ.) মনেপ্রাণে শিরক ও মূর্তিপূজা ঘৃণা করতেন। তিনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে চেয়েছেন, ‘যখন ইবরাহিম বললেন, হে পালনকর্তা, এ শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিকে মূর্তিপূজা থেকে দূরে রাখুন।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৩৫)

এ দোয়ার সময় তাঁর যেসব ঔরসজাত সন্তান বিদ্যমান ছিল, তাঁরা সবাই আজীবন সব ধরনের শিরক থেকে মুক্ত ছিলেন। (তাফসিরে কাবির, খণ্ড: ৫, পৃষ্ঠা: ২০৫; তাফসিরে রুহুল মাআনি, খণ্ড: ১৩, পৃষ্ঠা: ২১০)