logo

পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান

পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান
সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংকর চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশু যত্ন কার্যক্রমের উন্নয়নে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংকর চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপ) মো. আলী হোসেন ফকির এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

অনুদানের মধ্যে উত্তরা এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির সেবার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী, শিশু ও চিকিৎসাসেবা গ্রহণকারীদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিষ্ঠানের সাফল্য কেবল আর্থিক প্রবৃদ্ধি বা ব্যবসায়িক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণে অবদান রাখার মধ্য দিয়েও একটি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা প্রকাশ পায়। 'ট্রাস্ট, সিকিউরিটি ও প্রোগ্রেস' দর্শনকে ধারণ করে ভবিষ্যতেও টেকসই সামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ব্যাংকটি।