মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত
-bf889d-720x405.webp)
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত। পাকিস্তানের পর এবার মালদ্বীপকেও হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সুহাইল আহমেদ ভাটের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে মালদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়েছে নওশাদ মুসার দল। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে 'বি' গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও মালদ্বীপ। সেমিফাইনালে উঠতে ভারতের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। অন্যদিকে, শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না মালদ্বীপের।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের একাদশে সাতটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত। নিয়মিত অধিনায়ক বিজয় ভার্গিসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন চিংলেনসানা সিং। তবে এত পরিবর্তনের পরও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে ভারতীয়রা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণ গড়তে থাকে ভারত। তবে মালদ্বীপের রক্ষণভাগ ভেদ করতে বেশ বেগ পেতে হয় তাদের। চতুর্থ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন সুহাইল ভাট। কিন্তু ব্রাইসন ফার্নান্দেসের পাস থেকে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি।
অবশেষে প্রথমার্ধের শেষদিকে আসে কাঙ্ক্ষিত গোল। ৩৭তম মিনিটে বক্সের মধ্যে ভারতের আবদুল রাবিহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসেইন সিফাউ ইউসুফ। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৩৮তম মিনিটে স্পটকিক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুহাইল।
চলতি আসরে এটি সুহাইলের তৃতীয় গোল। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন মোহনবাগানের এই ফরোয়ার্ড।
বিরতির পর সমতায় ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় মালদ্বীপ। একাধিক সুযোগ তৈরি করলেও ভারতের গোলরক্ষক প্রিয়ানশ দুবের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা।
৭৯তম মিনিটে হামদান আলীর ফ্রি-কিক থেকে নেওয়া জোরালো শট দুর্দান্তভাবে রুখে দেন দুবে। পাঁচ মিনিট পর মুজধান হাসানের দূরপাল্লার শটও ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক।
এর মাঝে ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ভারত। তবে ইরফান ইয়াদওয়াদের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে যোগ করা সময়ে। ভারতের বক্সে বল পেয়ে গোলরক্ষককে একা পেয়ে যান মালদ্বীপের বদলি ফুটবলার ইথান ইব্রাহিম জাকি। কিন্তু দ্রুত সামনে এগিয়ে এসে তার শট ঠেকিয়ে দেন দুবে। সেই রক্ষণের পর আর সমতায় ফিরতে পারেনি মালদ্বীপ।
শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ভারত। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে, এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ পাকিস্তান। দুই দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
টানা দুই হারে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ। পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের পর ভারতের বিপক্ষেও গোলের দেখা পায়নি দুইবারের সাফ চ্যাম্পিয়নরা।
আগামী শনিবার (১৪ নভেম্বর) প্রথম সেমিফাইনালে 'এ' গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে ভারত। অন্য সেমিফাইনালে খেলবে পাকিস্তান ও 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল।
এদিকে 'এ' গ্রুপ থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার রাত ৮টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই নির্ধারিত হবে স্বাগতিকদের গ্রুপের চূড়ান্ত অবস্থান। সেই ফলের ওপরই নির্ভর করছে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে।











