logo

উন্মাদনা অনেক হয়েছে, এবার শিরোপা জিততে চান হামজা

উন্মাদনা অনেক হয়েছে, এবার শিরোপা জিততে চান হামজা
হামজা চৌধুরী। ছবি: বাফুফে

হামজা চৌধুরীর আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। গ্যালারিতে ফিরেছেন দর্শক, জাতীয় দলকে ঘিরে বেড়েছে প্রত্যাশা। তবে শুধু জনপ্রিয়তা আর সমর্থকদের উন্মাদনায় সন্তুষ্ট থাকতে চান না বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। তার মতে, এবার মাঠের পারফরম্যান্স দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার সময় এসেছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চান হামজা।

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে মঙ্গলবার অনুশীলন শুরুর পূর্বে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। সেখানেই দলের উন্নতি ও শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানান তিনি।

হামজা বলেন, ‘ফুটবল দলীয় খেলা। এখানে শুধু আমাকে নিয়ে ভাবার কিছু নেই, পুরো দলটাই গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আবারও ঘরের দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছি। আমাদের জন্য এটি বড় টুর্নামেন্ট। ২৩ বছর ধরে আমরা শিরোপা জিতিনি। ইনশাআল্লাহ, এবার ট্রফি ঘরে আনতে পারব।’

হামজার বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর জাতীয় দলে যোগ দিয়েছেন শমিত সোম, ফাহামেদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদসহ প্রবাসী ফুটবলাররা। তাদের আগমনে বাংলাদেশের ফুটবল ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে হামজা মনে করেন, এবার সেই আগ্রহকে সাফল্যে রূপ দেওয়া জরুরি।

তাঁর ভাষায়, ‘উন্মাদনা বেড়েছে, আর সেটা শুধু আমার আসার কারণে নয়। শমিত, ফাহিয়ান, ফাহামেদুল ও তারিকও সঠিক সময়ে এসেছে। কিন্তু এখন আমাদের ম্যাচ জেতা শুরু করতে হবে। প্রায় দুই বছর ধরে এই উন্মাদনা চলছে। পরবর্তী ধাপ হলো ম্যাচ ও টুর্নামেন্ট জেতা।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন হামজা। জানিয়েছেন, শুধু বাংলাদেশেই নয়, ইংল্যান্ডে তার ক্লাবের ম্যাচ দেখতেও অনেক বাংলাদেশি সমর্থক ছুটে যান। তাদের সময়, অর্থ ও ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি।

এদিকে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে সাফ অভিযান শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।

তবে আত্মতুষ্টির সুযোগ দেখছেন না হামজা। তার মতে, দল ভালো খেললেও এখনও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। প্রতিপক্ষ নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও ঘরের মাঠেই এসেছিল সাফল্য। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চান হামজারা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট