logo

নভেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার চার ম্যাচ, দেখে নিন সূচি

নভেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার চার ম্যাচ, দেখে নিন সূচি
নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিল দুটি করে ম্যাচ খেলবে। ছবি: কোলাজ

ক্লাব ফুটবলের ব্যস্ততা থেকে এবার জাতীয় দলের লড়াইয়ে চোখ ফুটবলপ্রেমীদের। সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে বছরের শেষ আন্তর্জাতিক বিরতি। এ সময়ে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ আকর্ষণ ১৪ নভেম্বর। সেদিন ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা, আর বিকেলে খেলবে ব্রাজিল। দুই দলের প্রতিপক্ষ, ভেন্যু ও বাংলাদেশ সময় অনুযায়ী সূচিও ইতোমধ্যে জানা গেছে।

২০২৬ বিশ্বকাপের পর নতুন অধ্যায় শুরু করেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এখন মেসিবিহীন দল গুছিয়ে নিচ্ছে। অন্যদিকে, বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারা ব্রাজিলকে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে এগিয়ে নিতে চান কার্লো আনচেলত্তি।

আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন

আর্জেন্টিনার প্রথম ম্যাচ প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। বাংলাদেশে তখন শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা। দুই দেশের ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রীতি ম্যাচ হলেও এই লড়াই ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ। বিশ্বকাপের পর এই পরীক্ষাগুলোতে ফলের পাশাপাশি খেলোয়াড়দের বোঝাপড়াও যাচাই করতে চান স্কালোনি।

চার দিন পর, ১৭ নভেম্বর, কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এখনো শুরুর সময় ঘোষণা করেনি। স্থানীয় সময় রাতে খেলা হলে বাংলাদেশে সেটি পড়বে ১৮ নভেম্বর ভোরে।

আর্জেন্টিনা বিদেশ সফরে যাচ্ছে না, দুটি ম্যাচই হচ্ছে নিজেদের দেশে। স্কালোনির ঘোষিত দলে রয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজের মতো পরিচিত ফুটবলার। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর নতুন নেতৃত্ব এবং খেলোয়াড়দের সমন্বয় যাচাইয়ের সুযোগও পাচ্ছেন কোচ। ইতোমধ্যে ৯ নভেম্বর থেকে জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ১০ নভেম্বর থেকে অনুশীলনে নামার কথা তাঁদের।

ব্রাজিলের ম্যাচ কবে, কখন

ব্রাজিলের দুটি ম্যাচই হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। প্রথম ম্যাচ শনিবার (১৪ নভেম্বর) জাপানের বিপক্ষে। সিঙ্গাপুর সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে। এরপর মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেটির বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সিঙ্গাপুরে চার জাতিকে নিয়ে আয়োজিত ফুটবল সিরিজের অংশ এই দুই ম্যাচ। জাপানের সঙ্গে বিশ্বকাপের পর আবারও দেখা হচ্ছে ব্রাজিলের। আর সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের এটিই প্রথম ম্যাচ হতে যাচ্ছে।

এই দুই প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্দ্রিক ও এস্তেভাও জায়গা পেয়েছেন। তরুণদের ওপরও ভরসা রেখেছেন কোচ। ঘোষিত দলের ১৫ জনের বয়স ২৩ বছরের নিচে, যা ভবিষ্যতের জন্য নতুন দল গড়ার পরিকল্পনারই ইঙ্গিত। আনচেলত্তি আগেই জানিয়েছেন, ভিন্ন ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ এবং দলের খেলার নিজস্ব ধরন গড়ে তোলাই এই ম্যাচগুলোর অন্যতম উদ্দেশ্য।

সব মিলিয়ে ১৪ নভেম্বর বাংলাদেশি দর্শকের সামনে একই দিনে দুটি বড় দলের ম্যাচ। ভোরে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা, বিকেলে জাপানের বিপক্ষে ব্রাজিল। আর ১৭ নভেম্বর ব্রাজিলের সিঙ্গাপুর ম্যাচের পর নজর থাকবে আর্জেন্টিনার কোস্টারিকা ম্যাচে। সেই ম্যাচের বাংলাদেশ সময় নির্ধারিত হবে আনুষ্ঠানিক কিকঅফ ঘোষণার পর।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট