logo

বাটলারের অসুস্থতায় আবেগাপ্লুত আফঈদা, ‘স্যারকে খুব মিস করব’

বাটলারের অসুস্থতায় আবেগাপ্লুত আফঈদা, ‘স্যারকে খুব মিস করব’
আফঈদা খন্দকার ও পিটার বাটলার। ছবি: কোলাজ

চট্টগ্রামে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। সামনেই সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কিন্তু মাঠের প্রস্তুতির মধ্যেই দুঃসংবাদে ভারাক্রান্ত পুরো দল। ক্যানসারে আক্রান্ত হয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। প্রিয় কোচের অসুস্থতার খবর সংবাদমাধ্যম থেকে জানতে পেরে হতবাক ফুটবলাররা। সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার জানিয়েছেন, বাটলারের অসুস্থতায় ভীষণ কষ্ট পেয়েছেন তারা। এখন সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামের অনুশীলন ক্যাম্প থেকে দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাটলারকে নিয়ে কথা বলেন আফঈদা। জানান, কোচের অসুস্থতার প্রকৃত অবস্থা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না তারা।

আফঈদা বলেন, ‘আমরা সবাই মানসিকভাবে শক্ত। তারপরও খুব খারাপ লাগছে। কারণ ক্যানসার অনেক বড় রোগ। আমরা সবাই মন থেকে স্যারের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।’

ক্যাম্প শুরুর এক-দুই দিন আগে হঠাৎ ইংল্যান্ডে চলে যান বাটলার। তখন ফুটবলাররা জানতে পারেন, শারীরিক অসুস্থতার কারণে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেছেন তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের জানা ছিল না।

আফঈদা বলেন, ‘আমরা ভেবেছিলাম, পরীক্ষা-নিরীক্ষার পর কী হয়েছে, তা জানতে পারব। কিন্তু গতকালই প্রথম বিষয়টি জানতে পেরেছি। আগে থেকে জানলে হয়তো আমরা আরও বেশি ভেঙে পড়তাম।’

বাটলারের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেছেন আফঈদা। বাংলাদেশের নারী ফুটবলে নিজের অবস্থান তৈরির পেছনে এই ইংলিশ কোচের বড় অবদান রয়েছে বলে মনে করেন তিনি।

তার ভাষায়, ‘বাটলার স্যার না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। স্যারকে সব সময় সর্বোচ্চ সম্মান করব। তিনি না এলে হয়তো বাংলাদেশের নারী ফুটবলে আমরা এত সাফল্যও পেতাম না।’

আফঈদার মতে, শুধু সাফল্য নয়, বাংলাদেশের নারী ফুটবলের খেলার ধরনও বদলে দিয়েছেন বাটলার। আগে যেখানে রক্ষণ সামলানোতেই বেশি মনোযোগ দিত দল, সেখানে তার অধীনে আক্রমণাত্মক ফুটবল ও প্রতিপক্ষকে চাপে রাখার মানসিকতা তৈরি হয়েছে।

দল নির্বাচনের ক্ষেত্রেও বাটলারের নীতির প্রশংসা করেছেন আফঈদা। জানিয়েছেন, কোচের কাছে সিনিয়র-জুনিয়র সবাই সমান। ভালো পারফরম্যান্স করলেই কেবল দলে জায়গা পাওয়া যায়। কারও অবস্থান নিশ্চিত নয়।

বাটলারের অধীনে ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার ঐতিহাসিক সাফল্যও আসে তার কোচিংয়ে।

তবে অসুস্থতার কারণে ইংল্যান্ডে অবস্থান করলেও দলের সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি বাটলার। নিয়মিত বার্তা পাঠানোর পাশাপাশি অনুশীলনের পরিকল্পনাও জানাচ্ছেন তিনি।

আফঈদা বলেন, ‘স্যার এখানে নেই, এটা সত্যি। কিন্তু আমাদের ওপর তার নজর সব সময় আছে। তিনি নিয়মিত গ্রুপে বার্তা পাঠাচ্ছেন। আবুল স্যারকে অনুশীলনের সূচি পাঠাচ্ছেন। আমরা সেই অনুযায়ী অনুশীলন করছি।’

এদিকে বাটলারের অনুপস্থিতিতে এক মাসের জন্য ফরাসি কোচ এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন কোচের অধীনে প্রস্তুতি চললেও বাটলারের দেওয়া পরিকল্পনা অনুসরণ করছেন ফুটবলাররা।

বাটলারের দ্রুত সুস্থতা কামনা করেছে বাফুফেও। গত রোববার সভাপতি তাবিথ আউয়াল নিশ্চিত করেন, ক্যানসারে আক্রান্ত হওয়ায় আপাতত দলের দায়িত্ব পালন করতে পারছেন না এই ইংলিশ কোচ। বর্তমানে ইংল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাঠের প্রস্তুতি এগিয়ে চললেও প্রিয় কোচের অনুপস্থিতি অনুভব করছেন আফঈদারা।

সাবেক অধিনায়কের কথায়, ‘অবশ্যই আমরা স্যারকে মিস করব। মাঠে এবং মাঠের বাইরে তাকে মিস করছি। তিনি যেভাবে আমাদের সমর্থন দেন, সেটাও মিস করছি। সব মিলিয়ে স্যারকে খুব মিস করব।’

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট