logo

বাটলারের জায়গায় বাংলাদেশ নারী দলের দায়িত্বে ফরাসি কোচ

বাটলারের জায়গায় বাংলাদেশ নারী দলের দায়িত্বে ফরাসি কোচ
অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মেয়ার। ছবি: বাফুফে

পিটার বাটলারের অসুস্থতায় বাংলাদেশ নারী ফুটবল দলের কোচিং দায়িত্ব নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তা কাটিয়ে নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইংল্যান্ডে চিকিৎসাধীন বাটলারের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মেয়ার। আগামী ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে এক মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়ারকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই দুই ম্যাচে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের ডাগআউটে থাকবেন ফরাসি এই কোচ।

গত মাসের শেষ দিকে শারীরিক অসুস্থতার কারণে ইংল্যান্ডে ফিরে যান বাটলার। স্বাস্থ্য পরীক্ষার পর তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থতার কারণে আপাতত বাংলাদেশে ফিরতে পারছেন না এই ইংলিশ কোচ।

বাটলারের অনুপস্থিতিতে গত কয়েক দিন ধরেই বিকল্প কোচের সন্ধানে ছিল বাফুফে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আগেই আলোচনায় এসেছিল মেয়ার নামটি। শেষ পর্যন্ত তাকেই সাময়িক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

উয়েফা 'এ' লাইসেন্সধারী মেয়ার এর আগে ফ্রান্সের আঞ্চলিক ক্লাব এফসি দে বালোঁর প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া এফসি ওত-মোজেলোতে সহকারী ও যৌথ কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

এদিকে সিঙ্গাপুর সফর সামনে রেখে গত ৩০ অক্টোবর ৪৪ ফুটবলারকে নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি ক্যাম্প শুরু করে বাংলাদেশ নারী দল। সেখানে সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমার তত্ত্বাবধানে অনুশীলন করছেন ফুটবলাররা। ইংল্যান্ডে থেকেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের অনুশীলনের পরিকল্পনা ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠাচ্ছেন বাটলার।

সূচি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা ফুটবলারদের। এরপর ১৯ নভেম্বর আবারও অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুর সফরের জন্য সেখান থেকেই চূড়ান্ত দল গঠন করা হবে। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশের।

২০২৩ সালে বাফুফে এলিট একাডেমির দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন বাটলার। পরের বছর নারী জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। তার অধীনে ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। এ ছাড়া প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

চলতি বছরের ডিসেম্বরেই বাফুফের সঙ্গে বাটলারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে তার অসুস্থতার পরও স্থায়ীভাবে নতুন কোচ নিয়োগের কোনো ঘোষণা দেয়নি ফেডারেশন। বরং বাটলারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছে বাফুফে। আপাতত সিঙ্গাপুর সফর পর্যন্তই মেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট