logo

‘মেসির মতো আর কেউ আসবে না’

‘মেসির মতো আর কেউ আসবে না’
মেসির শূন্যতা পূরণ অসম্ভব, জানালেন ম্যাক অ্যালিস্টার। ছবি: কোলাজ

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায় শুরু করেছে আর্জেন্টিনা। দুই দশকের বেশি সময় ধরে যিনি ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা, তার অনুপস্থিতি এখনও পুরোপুরি মেনে নিতে পারছেন না সতীর্থরা। তবে বাস্তবতা মেনে সামনে এগিয়ে যেতে হবে লিওনেল স্কালোনির দলকে। মেসির মতো একজন ফুটবলার আর পাওয়া সম্ভব নয় বলেই দল হিসেবে আরও শক্তিশালী হয়ে ওঠার তাগিদ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

সোমবার (৯ নভেম্বর) স্প্যানিশ সংবাদমাধ্যম এএসে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসির অবসর এবং আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন লিভারপুলের এই মিডফিল্ডার। জানান, মেসিকে ছাড়া জাতীয় দলের হয়ে মাঠে নামার বিষয়টি এখনও তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘বিষয়টা অদ্ভুত লাগবে। লিও যে আর আমাদের সঙ্গে থাকবে না, সেটা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আমাদের একটা অংশ এখনও চায় সে থাকুক। কিন্তু বাস্তবতা বুঝতে হবে। নতুন একটা অধ্যায় শুরু হয়েছে এবং সেটাকে সবচেয়ে ভালোভাবে সামলাতে হবে। এখন বিশ্বের সেরা ফুটবলার আমাদের সঙ্গে নেই। তাই দল হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।’

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে জাতীয় দলের অধ্যায়ের ইতি টানেন তিনি। সেই ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন এই মহাতারকা।

মেসির বিদায়ে আর্জেন্টিনা হারিয়েছে দীর্ঘদিনের সবচেয়ে বড় তারকাকে। তবে ম্যাক অ্যালিস্টার মনে করেন, একজন ফুটবলারের ওপর নির্ভর না করে এখন সম্মিলিত শক্তিতেই এগিয়ে যেতে হবে দলকে।

তিনি বলেন, ‘আর্জেন্টিনায় সব সময়ই প্রতিভাবান ফুটবলার আছে। আমাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে। বিদায় নেওয়া ফুটবলারদের জায়গায় নতুনরা আসবে। কিন্তু লিও অনন্য, তার মতো আর কেউ আসবে না।’

মেসির অনুপস্থিতিতে ম্যাচের গতিপথ একক দক্ষতায় বদলে দেওয়ার মতো একজন ফুটবলারের অভাব অনুভব করবেন বলেও স্বীকার করেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।

তার ভাষায়, ‘আমাদের এখন দল হিসেবে আরও শক্তিশালী হতে হবে। কারণ, আমাদের আর এমন একজন ফুটবলার নেই, যে একাই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এটাই এখন আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনে অনেক পরিশ্রম করতে হবে।’

আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে অবশ্য আশাবাদী ম্যাক অ্যালিস্টার। বিশেষ করে ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের প্রশংসা করেছেন তিনি।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘নিকো অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, সতীর্থ হিসেবে তাকে সাহায্য করা, যাতে কোমোতে যে পর্যায়ের ফুটবল খেলছে, জাতীয় দলেও সেটি ধরে রাখতে পারে। মানুষ তাকে ভালোবাসে এবং সমর্থন করে। আমরাও সব সময় তার পাশে থাকব।’

এদিকে মেসির বিদায়ের পর নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে স্কালোনির দল। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে তারা।

মেসির অনুপস্থিতিতে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন ২৭ বছর বয়সী ম্যাক অ্যালিস্টার। তবে নতুন দায়িত্ব নিতে গিয়ে নিজের খেলার ধরন বদলাতে চান না তিনি।

লিভারপুলের এই মিডফিল্ডার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন যা করি, তার বাইরে আলাদা কিছু করার প্রয়োজন মনে করি না। আমি শুধু নিজের মতো থাকতে চাই, যতটা সম্ভব স্বাভাবিকভাবে খেলতে চাই।’

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট