logo

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের
ব্যালন ডি’অর পেয়েও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা হয়নি কেইনের, অন্যদিকে দুই বছর পর ফিরেছেন মেসি। ছবি: কোলাজ

দুই বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে লিওনেল মেসি। ক্যারিয়ারে রেকর্ড ১৮তমবারের মতো সতীর্থ ফুটবলারদের ভোটে বিশ্বসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হ্যারি কেইনের অনুপস্থিতি। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অর জেতার পরও সেরা এগারোয় জায়গা পাননি ইংল্যান্ড অধিনায়ক। এমনকি অল্পের জন্য পিছিয়ে পড়েছেন অন্য ফরোয়ার্ডদের কাছেও।

সোমবার (৯ নভেম্বর) ২০২৬ সালের বর্ষসেরা একাদশ ঘোষণা করে আন্তর্জাতিক পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। বিশ্বের ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলারের ভোটে নির্বাচিত হয়েছে এই একাদশ। মেসির পাশাপাশি আক্রমণভাগে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও লামিনে ইয়ামাল।

২০২৩ সালের পর প্রথমবার ফিফপ্রোর একাদশে ফিরলেন মেসি। ২০০৭ সালে প্রথমবার এই সম্মাননা পাওয়ার পর টানা ১৭ বছর নির্বাচিত হয়েছিলেন তিনি। পরের দুই বছর জায়গা না পেলেও ৩৯ বছর বয়সে আবারও সতীর্থ ফুটবলারদের আস্থা অর্জন করেছেন ইন্টার মায়ামির এই তারকা। ১৮ বার নির্বাচিত হয়ে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার এই একাদশে জায়গা পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

অন্যদিকে, কেইনের বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে আলোচনা। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১ গোল করার পাশাপাশি বুন্দেসলিগা জিতেছেন এই স্ট্রাইকার। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত ২৬ অক্টোবর প্রথমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর।

তবে ফিফপ্রোর ভোটে অল্পের জন্য পিছিয়ে পড়েছেন কেইন। ভোট পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ফুটবলারের। তার চেয়ে সামান্য এগিয়ে থাকা হালান্ড পেয়েছেন ২৮ দশমিক ৪ শতাংশ ভোট। মেসির পক্ষে ভোট পড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ, ইয়ামালের পক্ষে ৩৭ দশমিক ৪ শতাংশ। আর আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬ শতাংশ ভোট পেয়েছেন এমবাপ্পে।

ফলে ব্যালন ডি’অর জিতেও ফিফপ্রোর সেরা একাদশে জায়গা হয়নি কেইনের। ২০০৫ সালে এই পুরস্কার চালুর পর একই বছরে ব্যালন ডি’অরজয়ীর বর্ষসেরা একাদশ থেকে বাদ পড়ার ঘটনা এবারই প্রথম।

এবারের একাদশে আরেকটি ইতিহাস গড়েছেন বার্সেলোনার ইয়ামাল। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই দুবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলার হয়েছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।

গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আর্সেনালের দাভিদ রায়া। রক্ষণভাগে আছেন বার্সেলোনার পাউ কুবারসি, পিএসজির আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। মাঝমাঠে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, রদ্রি ও পিএসজির ভিতিনিয়া।

একাদশে সবচেয়ে বেশি চারজন ফুটবলার রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। তারা হলেন রায়া, কুবারসি, রদ্রি ও ইয়ামাল। ক্লাব হিসেবে সর্বোচ্চ তিনজন রয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর। অন্যদিকে, পুরো একাদশের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার ২৭৮ ভোট পেয়েছেন গোলরক্ষক রায়া।

ফিফপ্রোর বর্ষসেরা একাদশের বিশেষত্ব হলো, এখানে নির্বাচক সাংবাদিক কিংবা কোচ নন, বরং পেশাদার ফুটবলাররাই। ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ভোট দিয়েছেন তারা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট