কাল থেকে শুরু জমাদিউস সানি, রমজান ও ঈদের বাকি কত দিন

৩০ দিন পূর্ণ হয়ে আজ শেষ হচ্ছে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা শুরু হবে। সেই হিসাবে পবিত্র রমজানের বাকি থাকল আর মাত্র তিন মাস। রমজানের পর শাওয়াল মাসের প্রথম দিন হবে ঈদুল ফিতর।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, দেশের আকাশে মঙ্গলবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বুধবার জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা শুরু হবে।
এতে আরও বলা হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আরবি ১২ মাসের হিসাবে জমাদিউস সানির পর আসে রজব, শাবান ও রমজান। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাসের প্রথম দিন। আজ থেকে আর ৮৯ দিন পরই ৮ ফেব্রুয়ারি।
এদিকে আরবি ক্যালেন্ডারের হিসাবে রমজান মাস যদি ৩০ দিনে হয়, তাহলে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১০ মার্চ। ২৯ দিনে হলে ৯ মার্চ হবে ঈদুল ফিতর। এ ছাড়া সরকারের প্রকাশিত ২০২৭ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান শুরুর প্রথম দিন ধরা হয়েছে ফ্রেব্রুয়ারির ৮ তারিখ, আর ঈদুল ফিতর ধরা হয়েছে ১০ মার্চ।
এদিকে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কয়েকটি মুসলিম দেশ। কাজাখস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর।
আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হওয়ার কথা রয়েছে পবিত্র ঈদুল আজহা। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।
এদিকে হিজরি বর্ষপঞ্জির অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখও প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বছরের শেষ দিকে ২৪-২৫ ডিসেম্বরও শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ রয়েছে।
তবে কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব ধর্মীয় দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখে এক দিনের পরিবর্তন হতে পারে।
অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রোজা।
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ ক্ষেত্রেও চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ।
উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।
তবে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে কাজাখস্তানের প্রকাশিত ক্যালেন্ডার এবং গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে কিছুটা পার্থক্য রয়েছে। তাই চূড়ান্ত তারিখ জানতে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা করতে হবে।












