বাংলাদেশে আসছেন মহানবীর (সা.) বংশধর মাহমুদ মাদানী

বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রভাবশালী আলেম ও হজরত মুহাম্মদ (সা.)-এর বংশধর মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। আগামী ১৩ নভেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন জেলা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওয়াজ মাহফিলে অংশ নেবেন তিনি।
বোরবার (৮ নভেম্বর) মাওলানা মাহমুদ মাদানীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামিম ও তার খলিফা মুফতি মোহাম্মদ আলী।
সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর মাগরিবের পর নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানী। ১৪ নভেম্বর সিলেটের মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর সিলেটের গোলাপবাগে ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন। ১৬ নভেম্বর নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসায় সফর করবেন তিনি।
এ ছাড়া ১৭ নভেম্বর মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
১৮ নভেম্বর সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসায় যাবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সফরের পর ঢাকার ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার তিন দিনব্যাপী ইসলামি ইজতেমায় বক্তব্য দেবেন মাহমুদ মাদানি। ২০ নভেম্বর হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তার সফরসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

