logo
আওয়ামী লীগের সাবেক এমপির সভা

সিলেটের সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, আটক ৪

সিলেটের সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, আটক ৪
সিলেটের রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’। ছবি : এশিয়া পোস্ট

সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গোপন রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের দুই কর্মীসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে রাতারগুলের ফতেহপুর ইউনিয়নে অবস্থিত ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’-এ অভিযান চালিয়ে সেটি সিলগালা করা হয়। সেখানে তালা দিয়েছে পুলিশ। এ সময় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী রাতারগুলের ওই রিসোর্টটি ভাড়া নেন এবং সেখানে একটি শিক্ষা সফরের ব্যানার টাঙান। পরবর্তীতে সেখানে হঠাৎ উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। সেখানে ব্যানার টাঙিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ওই ভিডিওর সূত্র ধরে সুনামগঞ্জ জেলা পুলিশ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ছাড়া ভিডিও প্রকাশের পর সোমবার দিবাগত রাতে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিত সরকারের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।