৪০ বছর ধরে শিব মন্দিরের সেবা করেন আব্দুল মান্নান

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ কথাটিকে ছাপিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির গড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম গ্রামের মুসলিম বাসিন্দারা। প্রায় তিন কিলোমিটারের মধ্যে কোনো সনাতন ধর্মাবলম্বীদের বসতি না থাকলেও, দীর্ঘ ৪০ বছর ধরে একটি প্রাচীন শিব মন্দির আগলে রেখেছেন আব্দুল মান্নান নামে স্থানীয় এক প্রবীণ মুসলিম।
কেবল আগলেই রাখেননি, প্রতি বছর পূজা-অর্চনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের থাকা-খাওয়াসহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছেন পুরো গ্রামের মানুষ। ধর্মীয় ভিন্নতা থাকলেও তাদের মধ্যে নেই কোনো বিরূপ মনোভাব, বরং রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন।
স্থানীয়দের দাবি, প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনার জনশ্রুতি। একসময় একটি দল মন্দির থেকে শিবলিঙ্গটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে তারা সেটি পুরোপুরি সরাতে পারেনি বলে জানান স্থানীয়রা। মন্দিরসংলগ্ন দুধপুকুর পর্যন্ত নেওয়ার কথা প্রচলিত রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। সেই ভিডিও দেখে বগুড়ার কাহালু থেকে মন্দিরটি দেখতে আসেন বলোরাম রায় ও যুগল চন্দ্র বিশ্বাসসহ অনেকে।
তাদের কাছে তালম গ্রামের এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিম অধ্যুষিত একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের অনুপস্থিতিতেও প্রাচীন মন্দিরের পূজা-অর্চনা ও সংরক্ষণ অব্যাহত থাকা তাদের মুগ্ধ করেছে।
ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসাই যে সমাজকে সুন্দর করে তোলে, তালম গ্রামের এই শিব মন্দির যেন সেই বার্তাই দিয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে।
বগুড়ার কাহালু উপজেলা থেকে মন্দিরটি দেখতে আসা বলো রাম রায় বলেন, আমরা মোবাইলে একটি ভিডিওতে দেখতে পাই, এই গ্রামে শিবের মন্দির আছে। অথচ সেখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ নেই। একজন মুসলিম মানুষ মন্দিরটি দেখাশোনা করেন। বিষয়টি আমাদের খুবই ভালো লেগেছে। তাই মন্দিরটি দেখতে এখানে এসেছি।
একই উপজেলা থেকে আসা যুগল চন্দ্র বিশ্বাস বলেন, এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষ না থাকার পরেও একজন ইসলাম ধর্মের মানুষ যেভাবে মন্দিরটি দেখাশোনা করছেন, আমরা সত্যিই গর্বিত। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অসাধারণ দৃষ্টান্ত।
স্থানীয় বাসিন্দা আব্দুল সবুর বলেন, আমরা জন্মের পর থেকেই এই মন্দিরটি দেখে আসছি। আমাদের গ্রামের মানুষ মন্দিরটির দেখাশোনা করেন। পূজার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখানে এলে আমরা তাদের সব দিক থেকে সহযোগিতা করি। আর মান্নান প্রায় ৪০ বছর ধরে মন্দিরটি দেখাশোনা করছেন।
মন্দিরটি দেখভালের দায়িত্বে থাকা আব্দুল মান্নান এশিয়া পোস্টকে বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে এই মন্দিরটি দেখাশোনা করছি। এখানে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ বসবাস করেন না। তাই আমি নিজেই দায়িত্ব নিয়ে মন্দিরটি আগলে রেখেছি। বহুবার শিবলিঙ্গটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সম্ভব হয়নি। আমি যতদিন পারব, ততদিন মন্দিরটির সেবা ও দেখাশোনা করে যাব।









