যেসব এলাকায় বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ সংযোগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বুধবার (১১ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের বেশকিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এরমধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবূ খাঁ, মধ্য বাবূ খাঁ, উত্তর বাবূ খাঁ, বাবূ খাঁ মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবূ খাঁ, নান্ডাপাড়া, শান্তিনগর/শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াপাড়া/গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তাপাড়া, ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো।
এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।










