মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার চিনাইর গ্রামে স্থাপিত এই স্মৃতিস্তম্ভের মুখাবয়বের বেশির ভাগ অংশ ও তার নাম কালো কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চিনাইর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ জানান, বুধবার বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি তার নজরে আসে। এর আগেও একইভাবে এটি বিকৃত করা হয়েছিল বলে জানান তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধর এই স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে সে সময়ও ঘটনায় জড়িতদের সনাক্ত করা সম্ভব হয়নি।










