logo

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, দোকানপাট বন্ধ

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, দোকানপাট বন্ধ
উখিয়ার পালংখালীতে পিস্তল হাতে দুর্বৃত্তদের মহড়া। ছবি : ভিডিও থেকে নেওয়া

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে এ সূত্রপাত হয়। ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দোকানপাট বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে বিজিবি ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বিকেলে পালংখালীর বটতলী স্টেশনে অবস্থান করছিলেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ। এ সময় হঠাৎ শাহাদাত হোসেন মুন্নার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এনজিওকর্মী আয়েশা ছিদ্দিকা বলেন, অফিস থেকে বাসায় ফেরার পথে বটতলী স্টেশনে গোলাগুলি হতে দেখি। এ ঘটনার পর থেকে আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি। এখানে এক-দুই দিন পরপরই গোলাগুলির ঘটনা ঘটে, আমরা শান্তি চাই।

এদিকে সন্ধ্যায় আবুল ফয়েজের স্ত্রী জানান, শাহাদাত হোসেন মুন্নার নেতৃত্বে সন্ত্রাসীরা দিনদুপুরে অস্ত্র, গুলি ও কিরিচ নিয়ে তার স্বামীর ওপর হামলা চালিয়েছে। তার স্বামী একজন নিরীহ ব্যক্তি।

ঘটনাটি নিয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলি হাতে শাহাদাত হোসেন মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন এবং তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল ছিল।

অপরদিকে একাধিক স্থানীয় বাসিন্দার মতে, একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে তারা জড়িত। এই চক্রে জয়নাল, শামসুল, আরিফ, জিহাদ, মামুন, মিজান ও ছৈয়দ নূরসহ কয়েকজন সম্পৃক্ত রয়েছেন।

অভিযুক্ত জয়নাল আবেদিন দাবি করেন, গুলিবর্ষণের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়ানো হচ্ছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং মূলত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, মাদকসংক্রান্ত ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে। গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।