logo

পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার পদে রদবদল

পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার পদে রদবদল
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: উইকিপিডিয়া

বাংলাদেশ পুলিশের সাতজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ইমদাদুল হককে যশোরের মনিরামপুর সার্কেল থেকে পুলিশ স্টাফ কলেজে, রাজু আহমেদকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিশেষ শাখায় (এসবি) এবং মো. আলী আর্শাদকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মো. দেলোয়ার হোসেনকে হাইওয়ে পুলিশ থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) টাঙ্গাইলে, মো. বদিউল আমীন চৌধুরীকে হাইওয়ে পুলিশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং মো. খালেদ হোসেনকে রাজশাহীর চারঘাট সার্কেল থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. আলী আর্শাদকে পুলিশ স্টাফ কলেজে বদলির বিষয়ে ৩১ অক্টোবর জারি করা আগের আদেশটি বাতিল করা হয়েছে। তাকে নতুন করে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।