logo

জামালপুর/পুশইন চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী

পুশইন চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করা নারী। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর থেকে প্রায় ৩০ ঘণ্টা ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত তাকে সেখানেই দেখা গেছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাতে বাধা দেন। পরে জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

এরপর থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে সরিয়ে নেওয়া কিংবা বিষয়টির কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক বলেন, মঙ্গলবার সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করা হলে বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। এরপর থেকে ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন।