logo

১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, জানুন কবে কোথায়

১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, জানুন কবে কোথায়
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

চূড়ান্ত করা হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ। এ ছাড়াও জানা গেছে কবে কোথায় অনুষ্ঠিত হবে এসব ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে ১২টি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে আবেদনের সময় অপরিবর্তিত রয়েছে। আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ দেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ও ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। আবেদন শুরু হবে ২১ নভেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ভর্তির যোগ্যতা শিথিল করা হবে না। তবে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ রাখার সিদ্ধান্ত হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি নির্ধারিত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট এক হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার আবেদনের যোগ্যতার কয়েকটি শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আগামী ৩০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে পরীক্ষার তারিখ ছিল ৫ ডিসেম্বর। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ঢাকার বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।

মেডিকেল ও ডেন্টাল কলেজ

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানিয়েছেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়া হবে। ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

এদিকে, ইউজিসির অনুরোধের পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় পুরোনো সূচিতে পরীক্ষা নেওয়ায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় তাদের জন্য আবেদনের বাড়তি সুযোগ রাখা কিংবা পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।