logo

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে মাছ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে মাছ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ৪৯ নম্বর নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে শুকানো হচ্ছে চিংড়ি মাছ। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ৪৯ নম্বর নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি মাছ শুকানো হচ্ছে। এমনকি বিদ্যালয় ভবনের নিচেই চলছে মাছ ধরার জাল মেরামতের কাজ। এতে মাছের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীরা এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান ও খেলাধুলা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠজুড়ে চিংড়ি মাছ শুকানো হচ্ছে। পাশাপাশি ভবনের নিচে রাখা হয়েছে মাছ ধরার জাল, যেখানে চলছে মেরামতের কাজ। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের জমিদাতা সিদ্দিক মুন্সীর ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড চলছে। এমনকি বিদ্যালয়ের গেটের তালা ভেঙে মাঠে গরু চরানোরও অভিযোগ উঠেছে।

এতে বিদ্যালয়ের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার জানায়, মাছের দুর্গন্ধে শ্রেণিকক্ষে ঠিকমতো ক্লাস করা যায় না। অনেক সময় বমি আসার মতো পরিস্থিতি তৈরি হয়।

তবে অভিযোগ অস্বীকার করে জমিদাতা সিদ্দিক মুন্সী বলেন, বৃষ্টির সময় কিছু জেলে মাছ ও জাল বিদ্যালয় ভবনের নিচে রাখেন। তবে তিনি তাদের নিষেধ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, বারবার নিষেধ করার পরও স্থানীয় কিছু ব্যবসায়ী মাছ শুকানো ও জাল মেরামতের কাজ বন্ধ করছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহিদা বেগম বলেন, খবর পেয়েছি। যারা এ ধরনের কাজ করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।