logo

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির। বুধবার জাতীয় সংসদে। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি যদি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির রেফারেন্স ধরে বলেন, তাহলে আমরা স্পষ্ট করে বলছি, আমরা এটার চ্যালেঞ্জ নিয়েছিলাম প্রমাণ উপস্থাপন করুন। বিষয়টি অন্যভাবে বলতে গেলে বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটা বলেছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ‘বিভিন্ন সময়ে ঢাকার একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উস্কানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই দলটির নাম জানতে চান।

জামায়াত আমির বলেন, অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয় তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেব। তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলেনি। আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের সংবাদ সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি একবারও আওয়ামী লীগের নামও নিইনি। পুরো ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, সালাহউদ্দিন সাহেব কিছুক্ষণ আগের বক্তৃতায় তিনি বলেছিলেন, ভালো থাকতেই হবে খারাপ থাকা যাবে না। বলতে হবে খারাপ থাকা যাবে না। বলতে হবে আমার কোনো কষ্ট নাই, খুবই ভালো আছি।

জামায়াত আমির বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাকে কোনো মজুরি বা বেতন দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ব্যক্তিকে রেফার করে যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সঙ্গে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউসে আজকে স্পষ্ট করে বলছি, কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট