ফ্রি ওমরাহ পালনের সুযোগ পেলেন ৩ বাংলাদেশি, প্রতিযোগিতায় অংশ নেবেন যেভাবে

সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি। সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ওমরাহ করার সুযোগ পেয়েছেন তারা। তাদের প্রত্যেকে আরও একজন করে সঙ্গে নিয়ে যেতে পারবেন।
সম্প্রতি নির্বাচিত তিন প্রতিযোগীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে নুসুক।
তিন বাংলাদেশি হলেন, মো. খালেদ হোসাইন চৌধুরী, রাহিমা বেগম ও রেদওয়ানুল করিম।
বিজয়ীরা পাবেন বাংলাদেশ থেকে সৌদি আরব যাতায়াতের বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের অবস্থান সুযোগ। বিজয়ী চাইলে একজনকে সঙ্গে নিতে পারবেন।
যেভাবে অংশ নেবেন
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। বিশ্বের যে কোনো দেশের প্রতিযোগী এতে অংশ নিতে পারবেন। তবে বয়স হতে হবে ১৮ বছরের বেশি। থাকতে হবে বৈধ পাসপোর্ট। অংশ নেওয়ার ধাপগুলো হলো-
১. প্রথমে স্মার্টফোন বা কম্পিউটারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল নুসুক (nusuk) অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২. অ্যাপে প্রবেশ করে নিজের নাম, দেশের নাম, ই-মেইল এবং বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে। এরপর ই-মেইলে আসা ওটিপি কোড দিয়ে অ্যাকাউন্ট ভ্যারিফাইড করতে হবে।
৩. অ্যাপের মেনু থেকে গ্যাম সেন্টার (game center) বা (nusuk challenge) অপশনে যেতে হবে।
৪. সেখানে পবিত্র কোরআন, হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত, ওমরাহর নিয়মকানুন বা ইসলামিক ইতিহাসের ওপর বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রশ্ন করা হয়। একটি বিষয় বেছে নিয়ে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে এবং এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতার নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।
৫. নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারকে অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যায়, যা লটারিতে জেতার সুযোগ আরও বাড়িয়ে দেয়।
ওমরাহ পালনের সুযোগ ছাড়াও প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জন বিজয়ী পাবেন জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড। যার মধ্যে ১০টি নিজের জন্য এবং ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অবশ্যই নুসুক-এর অফিশিয়াল অ্যাপ বা ভেরিফাইড মাধ্যম ব্যবহার করতে হবে।
প্রতিযোগিতা শুরু হয়েছে ১ নভেম্বর থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পুরো নভেম্বর জুড়েই প্রতিদিন প্রতিযোগীদের জন্য থাকছে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ।












