ঐতিহ্যের ৭৭ বছর, উদাসীনতায় ম্লান সোহরাওয়ার্দী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী

৭৭ বছরের বর্ণাঢ্য ইতিহাস ও হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হলেও পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সম্পূর্ণ নিরুত্তাপ ও উদাসীনতায়। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কলেজ প্রশাসনের দৃশ্যমান কোনো আয়োজন না থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, কলেজের এমন গুরুত্বপূর্ণ একটি দিনেও কর্তৃপক্ষের পক্ষ থেকে সামান্য আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি।
১৯৪৯ সালের ১১ নভেম্বর ‘কায়েদ-ই-আজম কলেজ’ নামে যাত্রা শুরু করে এ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা বিস্তার, জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কলেজটি। ১৯৭২ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘শহীদ সোহরাওয়ার্দী কলেজ’ রাখা হয়। পরবর্তী সময়ে ১৯৮৪ সালে জাতীয়করণের মাধ্যমে এর নামকরণ করা হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটিতে। ১৭টি বিভাগে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এত দীর্ঘ ইতিহাস ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো আয়োজন না থাকায় প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে মানবিক বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আজ আমাদের কলেজের ৭৭ বছর পূর্ণ হলো। কিন্তু দুঃখের বিষয়, কলেজের এই বিশেষ দিনটি উপলক্ষে কোনো আয়োজনই করা হয়নি। কিছুদিন আগেই নতুন শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়েছে। তাদের অনেকেই হয়ত প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানে না। কলেজ কর্তৃপক্ষ চাইলে অন্তত ছোট পরিসরে হলেও একটি আয়োজন করতে পারত।
অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, সোহরাওয়ার্দীর মতো একটি ক্যাম্পাসে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী না হওয়া খুবই দুঃখজনক ও লজ্জার ব্যাপার। প্রশাসনের যথাযথ উদ্যোগের অভাবে আমরা বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হচ্ছি, এটা সত্যি হতাশাজনক। আশা করি, আগামীতে কলেজ প্রশাসন সব কিছুতে সোচ্চার হবেন এবং সব উৎসব যথাযথভাবে পালন করবেন।
একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আহাদ হোসেন বলেন, আজকের দিনটি আমাদের কলেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেশি কিছু সম্ভব না হলেও অন্তত ছোট পরিসরে একটি আয়োজন করা প্রয়োজন ছিল। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব সম্পর্কে জানার আগ্রহ তৈরি হতো।
এ বিষয়ে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়ের কাছে জানতে চাইলে তিনি কলেজের সাংবাদিকদের উদ্যোগ নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, তোমরা সবাইকে নিয়ে একটি অ্যালামনাই গঠন করো। এ বছর না হলেও আগামী বছর অ্যালামনাইদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করা হবে। এটি মূলত অ্যালামনাইদের কাজ।
তিনি আরও বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা প্রয়োজন। এর মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের একত্রিত করা, কলেজের উন্নয়নে তাদের সম্পৃক্ত করা এবং আর্থিক সহায়তার জন্য একটি তহবিল গড়ে তোলার সুযোগ তৈরি হবে।










