logo

বিদ্যালয়ের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামিয়ে দিলেন আয়োজকরা

বিদ্যালয়ের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামিয়ে দিলেন আয়োজকরা
কুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন ও তার স্ত্রী মোহনা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার তিতাসের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটকার মামুন ও তার দ্বিতীয় স্ত্রীর উপস্থিতি ঘিরে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের স্কুল মাঠে এই অনুষ্ঠান হয়।

আয়োজকদের দাবি, তারা ওই দুজনকে আমন্ত্রণ জানাননি। বিষয়টি জানার পর তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দাতা সদস্যের নাতি ও সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেন দেশে অবস্থান করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়েছিল। তবে অনুষ্ঠানের একপর্যায়ে টিকটকার মামুন ও তার দ্বিতীয় স্ত্রী মোহনা উপস্থিত হলে আয়োজকদের পক্ষ থেকে তাদের বিশেষ অতিথির মর্যাদা দিয়ে মঞ্চে তোলা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে হইচই ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে তাদের মঞ্চের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু জানান, আমার বক্তব্যের ঠিক আগেই টিকটকার মামুন মঞ্চে ওঠেন। এ সময় পরিচয় করিয়ে দিলে আমি বক্তব্য সংক্ষিপ্ত করে মাত্র দুটি পুরস্কার দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসি।

বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন মোল্লা জানান, অনুষ্ঠানটি পরে হওয়ার কথা ছিল, তবে কিছু প্রবাসীর আর্থিক সহযোগিতায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। তাদের অনেকেই এখন বাড়িতে থাকায় এই সময়ে অনুষ্ঠানটি করা হয়েছে। তবে টিকটকার মামুন ও তার সঙ্গীকে ওই প্রবাসীদের পক্ষ থেকে আনা হয়েছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খাজা মাইনউদ্দীন জানান, অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছুই জানি না। তবে বিষয়টি আমাদের নজরে আসার পর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।