রান্নার বর্জ্য তেল থেকে বিমানের জ্বালানি তৈরি, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি ৫ শিক্ষার্থী

রান্নায় ব্যবহারের পর ফেলে দেওয়া তেল দিয়ে তৈরি হতে পারে বিমানের জ্বালানি। শুনতে অবাক লাগলেও এমনই এক সম্ভাবনার কথা তুলে ধরেছেন ছয় তরুণের একটি দল। ‘নেক্সা ফুয়েল: ফ্রম ওয়েস্ট টু উইংস’ নামের প্রকল্প নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে দলটি। হংকংয়ে অনুষ্ঠিত ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ (ডিডিপি) ২০২৬ কেস কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সাফল্য পেয়েছে টিম ল্যাজারাস। দলের সদস্যদের একজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিয়ান আইদিদ।
প্রকল্পটির মূল ভাবনা, বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহারের পর ফেলে দেওয়া রান্নার তেল সংগ্রহ করে তা থেকে টেকসই বিমানের জ্বালানি (সাসটেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল) উৎপাদনের সম্ভাবনা তৈরি করা। এতে একদিকে বর্জ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প তৈরির পথও খুলতে পারে।
টিম ল্যাজারাসের যাত্রা শুরু বাংলাদেশের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা দিয়ে। অনলাইন কুইজের মাধ্যমে প্রাথমিকভাবে ৩০ জন প্রতিযোগী নির্বাচিত হন। পরে তাদের ছয়জন করে পাঁচটি দলে ভাগ করা হয়। তবে দল গঠনে ছিল না পছন্দের সুযোগ। লটারির মাধ্যমেই নির্ধারিত হয় কে কোন দলে থাকবেন।
এভাবেই গড়ে ওঠে টিম ল্যাজারাস। দলে বুটেক্সের আরিয়ান আইদিদ ও আমিত ছাড়াও ছিলেন আইইউবিএটির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েদা ফাবিহা, গ্রিন ইউনিভার্সিটির সুরভি এবং বিজিএমইএর আতীক রহমান। আমিত দলের বিকল্প সদস্য হওয়ায় আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি।
ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা সদস্যদের শুরুতে একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, কাজের ধরন বোঝা এবং একটি অভিন্ন পরিকল্পনায় পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ। তবে সম্মিলিত প্রচেষ্টায় তারা একটি কার্যকর ধারণা দাঁড় করান।
জাতীয় পর্যায়ে অবশ্য তাদের প্রকল্পের বিষয় ছিল ভিন্ন। সেখানে পোশাকশিল্পের দূষণ ও সম্পদের অপচয় কমাতে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর একটি পরিকল্পনা উপস্থাপন করেন তারা। কারখানায় বিশেষ ডিভাইস স্থাপনের মাধ্যমে দূষণ ও অপচয় শনাক্ত এবং নিয়ন্ত্রণের পাশাপাশি কীভাবে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব, সেটিও ছিল পরিকল্পনার অংশ। সেই প্রকল্পে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তারা।
আন্তর্জাতিক পর্বের জন্য নতুন করে ভাবতে হয় দলটিকে। এবার শুধু উদ্ভাবনী ধারণা উপস্থাপন করলেই চলবে না, সেটিকে বাস্তবসম্মত ও আর্থিকভাবে লাভজনক ব্যবসায়িক মডেল হিসেবেও তুলে ধরতে হবে। সেই লক্ষ্যেই তৈরি হয় নেক্সা ফুয়েল।
তাদের প্রস্তাবিত মডেল অনুযায়ী, বাংলাদেশ থেকে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করে সিঙ্গাপুরে পাঠানো হবে। সেখানে প্রক্রিয়াজাত করে টেকসই বিমানের জ্বালানি উৎপাদনের পর তা আবার বাংলাদেশে সরবরাহ করা হবে। অর্থাৎ, বাংলাদেশ ও সিঙ্গাপুরকে যুক্ত করে একটি বৃত্তাকার সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছেন তারা।
আরিয়ান জানান, ধারণাটিকে ব্যবসায়িক মডেলে রূপ দিতে তাদের বাজার গবেষণা, আর্থিক বিশ্লেষণ, সরবরাহব্যবস্থার সম্ভাব্যতা যাচাই ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন করতে হয়েছে। সীমিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করার পাশাপাশি ভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সমন্বয় করাও সহজ ছিল না। নিয়মিত আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছেন।
আরিয়ানের মতে, শুধু নতুন কোনো ধারণা থাকলেই হয় না, সেটিকে বাস্তবসম্মত ও টেকসই সমাধানে রূপ দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
হংকংয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতাও ছিল তাদের জন্য বিশেষ। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে কাজের ধারণা, উপস্থাপনার কৌশল ও সমস্যা সমাধানের পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তারা। প্রথম হওয়ার প্রত্যাশা থাকলেও দ্বিতীয় স্থান অর্জনে সন্তুষ্ট দলের সদস্যরা।
ফলাফল ঘোষণার মুহূর্তের কথা স্মরণ করে আরিয়ান বলেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর হংকং পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক পরিশ্রম, চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই অর্জনটি তাদের কাছে বিশেষ কিছু।
আরিয়ান বলেন, সবচেয়ে বিশেষ বিষয় হলো, আমরা শুধু নিজেদের জন্য প্রতিযোগিতা করিনি; বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম তুলে ধরতে পেরেছি, আমার কাছে এটি দ্বিতীয় স্থান অর্জনের চেয়েও অনেক বড় সাফল্য।
এই অর্জনকে কোনো একজনের সাফল্য হিসেবে দেখতে চান না আরিয়ান। তার ভাষায়, গবেষণা, ধারণা উন্নয়ন, আলোচনা ও প্রস্তুতির প্রতিটি পর্যায়ে দলের সদস্যরা নিজেদের জায়গা থেকে অবদান রেখেছেন। পরিবারের অনুপ্রেরণা ও মেন্টরদের দিকনির্দেশনার পাশাপাশি তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ স্পনসরশিপ দিয়েছে ডেটাডেভেলপ কনসাল্টিং লিমিটেড এবং একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ।
প্রতিযোগিতায় সাফল্যের পর এবার প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন তারা। আরিয়ান জানান, প্রয়োজনীয় অর্থায়ন পেলে নেক্সা ফুয়েল নিয়ে আরও কাজ করতে চান তারা। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি গবেষণা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
নতুন কিছু করতে আগ্রহী তরুণদের উদ্দেশে আরিয়ানের পরামর্শ, সবকিছু জানার বা নিখুঁত পরিকল্পনা করার অপেক্ষায় না থেকে শুরু করতে হবে। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করে ভুল থেকে শিখতে হবে। তার মতে, আত্মবিশ্বাস, দলগত কাজ এবং শেখার আগ্রহই নতুন কিছু করার পথে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।
জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতা থেকে হংকংয়ের আন্তর্জাতিক মঞ্চে দ্বিতীয় স্থান অর্জন, টিম ল্যাজারাসের এই যাত্রা আরিয়ানের কাছে কেবল একটি পুরস্কার নয়। বরং ভিন্ন পরিবেশে কাজ শেখা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের সক্ষমতা তুলে ধরার এক স্মরণীয় অধ্যায়।










