রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রকট হয়ে দেখা দিচ্ছে: চরমোনাই পীর

রাষ্ট্র পরিচালনায় সরকারের সফলতা দৃশ্যমান হচ্ছে না, বরং ব্যর্থতাগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পরে আট মাস অতিক্রান্ত হলেও কোনো ক্ষেত্রেই সরকার সফলতা দেখাতে পারছে না। বরং ব্যর্থতাগুলো প্রকট হয়ে উঠছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করেছে পতিত শক্তি। পুলিশের তথ্যমতে, সোমবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ।
বিগত দিনগুলোর নাশকতাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করতে না চাইলেও জনমনে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কোনো সমাধান হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে নাজেহাল হচ্ছে মানুষ। মানুষের জনজীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না।
চরমোনাই পীর বলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজীর খেদমত ছিল দ্বীনের সকল শাখায় পরিপূর্ণ। আব্বাজান মরহুম শায়েখ (রহ.)-এর সব মিশনের সফলতার পেছনে রয়েছে আল্লামা ফয়েজী (রহ.)-এর অক্লান্ত পরিশ্রম। তিনি দীর্ঘ দিন ইসলামী আন্দোলনের মহাসচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের দীর্ঘ তিন যুগেরও বেশি সময় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম ছিলেন। রাজনীতি, ইলম চর্চা, তাসাউফ এবং ইসলামি ঐক্যের ক্ষেত্রে হুজুরের অবদান অনস্বীকার্য। হজরত আমৃত্যু জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সর্বশ্রেণির আলেমদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। আমরা কাছ থেকে দেখেছি, রাজনীতির কঠিন সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পরোয়া করতেন না।
নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর খলিফা ও ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর খলিফা ও সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।











