logo

কয়েদির পেট কেটে বের করা হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার

কয়েদির পেট কেটে বের করা হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার
কাশিমপুর কারাগারের কয়েদি হাসমত আলীর পেটে অস্ত্রোপচারের আগে ধারণ করা এক্সরে। ছবি : এশিয়া পোস্ট

পেটে একে একে জমা হয়েছিল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা। একপর্যায়ে তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদিকে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে এসব জিনিস বের করেন চিকিৎসকরা।

কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কয়েদি হাসমত আলীকে (৪৪) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

অস্ত্রোপচার শেষে কয়েদি হাসমত আলীর পেট থেকে উদ্ধার করা গ্যাস লাইটারগুলো। ছবি: এশিয়া পোস্ট
অস্ত্রোপচার শেষে কয়েদি হাসমত আলীর পেট থেকে উদ্ধার করা গ্যাস লাইটারগুলো। ছবি: এশিয়া পোস্ট

কারা কর্তৃপক্ষ জানায়, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৪ নভেম্বর তার পেটে অস্ত্রোপচার করলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলতে তিনি বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।

জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করতেন হাসমত। পরে সেগুলো তিনি খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে এসব জিনিস থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।