অভ্যর্থনা জানানোর সময় মাখোঁর সামনেই লুটিয়ে পড়লেন ফরাসি সেনা সদস্য

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সামনে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েছেন দেশটির একজন সেনাসদস্য। এ সময় স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি ফ্রান্সের এলিসি প্রাসাদে আনুষ্ঠানিক সফরে আসছিলেন।
বুধবার (১১ নভেম্বর) প্যারিসের এলিসি প্রাসাদে এ ঘটনা ঘটে। স্লোভাকিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য সামরিক পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের সম্মানরক্ষী বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, একজন সেনা সদস্য হঠাৎ ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যান। এ সময় তার হাতে থাকা তলোয়ারও নিচে পড়ে যায়। ঘটনাটি দেখে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং আশপাশে থাকা কর্মকর্তারা দ্রুত তার দিকে এগিয়ে যান।
ফরাসি সংবাদমাধ্যম Le Parisien- লো প্যারিজিয়ানের প্রতিবেদন অনুযায়ী, একই অনুষ্ঠানে দ্বিতীয় একজন সেনা সদস্যও মাটিতে পড়ে যান। দ্বিতীয় ঘটনাটি সরাসরি ক্যামেরায় ধরা না পড়লেও তলোয়ার পড়ে যাওয়ার শব্দ শোনা যায়।
ঘটনার পর প্রাসাদের কর্মীরা অসুস্থ সেনা সদস্যদের সরিয়ে নেন। তবে তাদের শারীরিক অবস্থা এবং অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে সংবাদ প্রকাশের সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ঘটনার পরও রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠান অব্যাহত থাকে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনিকে স্বাগত জানান।
ঘটনাটি ফ্রান্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।










