logo

জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে ভাষণ দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (১১ই নভেম্বর)। ছবি: এপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব ও তেল-গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার সমালোচনা করে তিনি বিশ্বনেতাদের ‘জীবাশ্ম জ্বালানির আসক্তি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সম্মেলনে উপস্থিত কয়েক ডজন বিশ্বনেতার উদ্দেশে গুতেরেস বলেন, জলবায়ু সংকটের গতি মানুষের প্রতিরোধমূলক পদক্ষেপের চেয়ে অনেক বেশি দ্রুত। খবর এএফপির।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো পরিবেশের ক্ষতি করে বিপুল মুনাফা অর্জন করছে। এ পরিস্থিতি মোকাবিলায় তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার ওপর কর আরোপের জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

গুতেরেসের ভাষায়, জীবাশ্ম জ্বালানিকে একসময় বিলুপ্ত হতেই হবে। তবে তা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। কারণ, জীবাশ্ম জ্বালানি শিল্পের পক্ষে শক্তিশালী লবি রয়েছে, যারা বিজ্ঞানকে প্রশ্নবিদ্ধ করা, নীতিনির্ধারণে বিলম্ব ঘটানো এবং জবাবদিহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

২০১৭ সালে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন গুতেরেস। আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগে এটিই তার শেষ কপ সম্মেলনে অংশগ্রহণ।

গত কয়েক বছরে ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার মতো দুর্যোগ জলবায়ু সংকটের ঝুঁকি আরও স্পষ্ট করেছে। এমন পরিস্থিতিতে সরকারগুলোর ওপর কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ বাড়ছে। তবে চলতি কপ-৩১ সম্মেলনে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে।

এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইরান ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব। ২০২৩ সালে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছালেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য বাধা রয়েছে।

অনেক বিশ্বনেতার অনুপস্থিতি

জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বুধবার ও বৃহস্পতিবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের।

তবে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের শীর্ষ নেতার অনুপস্থিতি সম্মেলনের রাজনৈতিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন আন্তালিয়ায় উপস্থিত থাকলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্মেলনে যোগ দিচ্ছেন না।

এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিরও অনুপস্থিত থাকার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্মেলনে অংশ নিচ্ছেন না। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রতিনিধিত্ব করছেন।

থিংকট্যাংক ইথ্রিজির জলবায়ু কূটনীতি বিশেষজ্ঞ কোসিমা ক্যাসেল এএফপিকে বলেন, ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতি হতাশাজনক। জলবায়ু আলোচনায় ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ওপকে হোকস্ট্রা অবশ্য বলেছেন, বিভিন্ন বাস্তব কারণে বিশ্বনেতারা সব সম্মেলনে অংশ নিতে পারেন না। তবে এবারের কপ-৩১ নিয়ে প্রত্যাশা খুব বেশি নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে মতপার্থক্য

কপ-৩১-এর আয়োজক তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করাই এ উদ্যোগের লক্ষ্য।

তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, এই বিদ্যুতায়ন অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে হতে হবে। ফলে তুরস্কের প্রস্তাবে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনকে যুদ্ধের কারণে পরিবেশের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন। তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেন, পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সম্মেলনে কথা বলবে তেহরান।

অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার উপস্থিতিকে জলবায়ু আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। বন উজাড় কমানোর পক্ষে অবস্থান নেওয়া লুলার নেতৃত্বে জলবায়ু সুরক্ষায় ব্রাজিলের ভূমিকা নিয়েও আন্তর্জাতিক মহলে আগ্রহ রয়েছে।

সব মিলিয়ে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়তে থাকলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রশ্নে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।