অনলাইন আসক্তি ও প্রতারণামূলক ফিচার বন্ধে নতুন আইন আনছে ইইউ

অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আসক্ত করে রাখার কৌশল, প্রতারণামূলক ডিজাইন এবং ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্যের প্রচারে নিয়ন্ত্রণ আরোপ করতে নতুন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে অনলাইনে ভোক্তাদের আর্থিক ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু ক্ষতিকর ডিজিটাল কার্যক্রম নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার ‘ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট’ (ডিএফএ) নামে নতুন ভোক্তা অধিকারবিষয়ক বিধিমালার প্রস্তাব প্রকাশ করার কথা রয়েছে ইউরোপীয় কমিশনের। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, গুরুতর লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইইউর বিদ্যমান ডিজিটাল আইনগুলোতে কিছু সীমাবদ্ধতা থাকায় নতুন এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংগঠনগুলো।
সরকারি হিসাব অনুযায়ী, ক্ষতিকর ডিজিটাল কার্যক্রমের কারণে ইউরোপীয় ভোক্তাদের বছরে ব্যক্তিপর্যায়ে প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হচ্ছে।
এএফপির হাতে আসা খসড়া নথি অনুযায়ী, নতুন বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথমত, ডার্ক প্যাটার্ন বা প্রতারণামূলক ডিজিটাল নকশা নিষিদ্ধ করা হবে। এসব কৌশলের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তে পণ্য কেনা, সাবস্ক্রিপশন গ্রহণ কিংবা নির্দিষ্ট সেটিংস চালু করতে প্রভাবিত করা হয়।
দ্বিতীয়ত, ইনফ্লুয়েন্সারদের বাণিজ্যিক প্রচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ব্র্যান্ড বা পণ্যের প্রচারমূলক পোস্টে সেটি যে বিজ্ঞাপন, তা স্পষ্টভাবে উল্লেখ করার বাধ্যবাধকতা থাকবে।
শিশু-কিশোরদের অনলাইন গেমিংয়ের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আনার পরিকল্পনা রয়েছে। অর্থের বিনিময়ে গেমে জেতার সুযোগ বা দ্রুত পরবর্তী ধাপে যাওয়ার সুবিধা অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ করা হতে পারে। পাশাপাশি গেমের ভার্চুয়াল মুদ্রার প্রকৃত আর্থিক মূল্যও ব্যবহারকারীদের জানাতে হবে।
এ ছাড়া বিনামূল্যের ট্রায়াল বা পরীক্ষামূলক সেবা শেষ হওয়ার আগেই গ্রাহকদের সতর্ক করতে হবে। ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পরবর্তী সময়ে সেবা চালু রাখতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটিও জানাতে হবে প্রতিষ্ঠানগুলোকে। গ্রাহকদের প্রয়োজনে সরাসরি মানব প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার বিষয়টিও প্রস্তাবে রয়েছে।
কেনাকাটার শেষ পর্যায়ে অতিরিক্ত ফি যুক্ত করার প্রচলিত পদ্ধতি ‘ড্রিপ প্রাইসিং’ বন্ধ করার উদ্যোগও নেওয়া হচ্ছে। এর ফলে পণ্য কেনার সিদ্ধান্ত নেওয়ার আগেই গ্রাহকরা মোট খরচ সম্পর্কে জানতে পারবেন।
ইইউর ভোক্তা অধিকারবিষয়ক প্রধান মাইকেল ম্যাকগ্রাথ জানিয়েছেন, অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম প্রতিরোধে নতুন বিধিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর ভাষ্য অনুযায়ী, জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রায় ৯৭ শতাংশই কোনো না কোনোভাবে ডার্ক প্যাটার্ন ব্যবহার করে।
ইউরোপীয় ভোক্তা সংগঠনের কর্মকর্তা অগাস্টিন রেইনার মতে, অনলাইনে সময় ও অর্থ ব্যয়ের বিষয়ে ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিরিয়ে দিতে নতুন প্রস্তাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিশুদের সুরক্ষায় বাড়ছে নজরদারি
ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার পরিকল্পনা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম নিরাপদ করার উদ্যোগ নিয়ে কাজ করছে। এর পাশাপাশি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের মতো আইনও কার্যকর রয়েছে।
এতসব বিধিনিষেধের মধ্যেও নতুন আইন কেন প্রয়োজন, তা ব্যাখ্যা করেছেন স্পেনের ইইউ আইনপ্রণেতা লরা বালারিন সেরেজা। তার মতে, শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান আইনগুলোর দুর্বলতা দূর করা জরুরি। নতুন বিধিমালা ভোক্তা সুরক্ষায় অতিরিক্ত নিরাপত্তাবেষ্টনী হিসেবে কাজ করবে।
তবে নতুন প্রস্তাবের কার্যকারিতা নিয়ে কিছু সংগঠন সংশয় প্রকাশ করেছে। ইউরোপজুড়ে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউরোকনজিউমার্সের মতে, আইন প্রণয়নের পাশাপাশি সেগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।
অন্যদিকে, বেসরকারি সংস্থা ফাইন্যান্স ওয়াচ বলেছে, ডার্ক প্যাটার্ন নিষিদ্ধের উদ্যোগ ইতিবাচক হলেও আর্থিক সেবার ক্ষেত্রে ভোক্তাদের সুরক্ষায় প্রস্তাবটি যথেষ্ট শক্তিশালী নয়।
সংগঠনটির আশঙ্কা, খসড়া বিধিমালায় কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রচারে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করার সুযোগ পেতে পারে। গত সেপ্টেম্বরেও আর্থিক খাতের ইনফ্লুয়েন্সারদের বিভ্রান্তিকর প্রচারণা এবং এর ফলে ভোক্তাদের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল সংস্থাটি।
সব মিলিয়ে, নতুন ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্টের মাধ্যমে অনলাইন বাণিজ্যে স্বচ্ছতা বাড়ানো, প্রতারণামূলক কৌশল বন্ধ করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভোক্তাদের অধিকার আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রস্তাবিত আইন বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে এর প্রয়োগ ও তদারকির ওপর।









