কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

শরীয়তপুরে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় সিয়াম পেদা (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সিয়াম পেদা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছোট শিধলকুড়া এলাকার খোদাবক্স পেদার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের মে মাসে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে সিয়াম ও তার সহযোগীরা অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা ডামুড্যা থানায় লিখিত অভিযোগ দেন। এর পরদিন রাতে ডামুড্যা উপজেলার শিধলকুড়া এলাকার একটি কাঠের ব্রিজের ওপর হাত-পা বাঁধা অবস্থায় ওই কলেজছাত্রীকে পাওয়া যায়। পরে তার বাবা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি সিয়াম পেদার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ৯(১) ধারায় ১ লাখ টাকা এবং ৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ মামলার ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, আসামি সিয়ামের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একটি কল্যাণকামী রাষ্ট্রের মূলনীতি হলো ন্যায়বিচার নিশ্চিত করা। বিজ্ঞ আদালত বিষয়টি মূল্যায়ন করে বাদীপক্ষের ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেল।










