মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ, যুবক আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে এক সন্দেহভাজন যুবককে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা সেতু উত্তর থানার পাশের খানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে খানবাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ শুরু হয়। নেতাকর্মীদের বক্তব্য শেষে সবাই যখন সমাবেশস্থলে অবস্থান করছিলেন, ঠিক তখনই বিপরীত পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় উপস্থিত জনতা ধাওয়া করে রাসেল নামে এক যুবককে আটক করে মারধর করে।
পরে আটক যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, সেখানে ককটেল নয়, একটি ছোট হাতবোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।










