logo

পরীক্ষার খাতায় উত্তরের বদলে ‘বউ চাই’ লিখল দ্বাদশ শ্রেণির ছাত্র

পরীক্ষার খাতায় উত্তরের বদলে ‘বউ চাই’ লিখল দ্বাদশ শ্রেণির ছাত্র
ফয়সাল আলী। ছবি: ফয়সালের ফেসবুক আইডিতে

শীত আসতে এখনো পুরোপুরি শুরু হয়নি, অথচ শীতের কষ্ট নিয়ে বেশ চিন্তিত ফরিদপুরের মধুখালীর এক কলেজছাত্র। তবে শুধু নিজের জন্য নয়, বন্ধুদের জন্যও সরকারের কাছে একেকজনকে একটি করে ‘বউ’ দেওয়ার আবদার জানিয়েছে সে। আর সেই আবদার জানাতে বেছে নিয়েছে এইচএসসি প্রাক-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র। ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর না লিখে এমন ব্যতিক্রমী মন্তব্য লিখে আলোচনার জন্ম দিয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আলী (১৮)।

ঘটনাটি মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের। শিক্ষার্থীর এমন কাণ্ডে বিব্রত কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসার পর তার বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলেজ প্রশাসন।

কলেজ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত এইচএসসি প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশ নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আলী। পরীক্ষার খাতা মূল্যায়নের সময় ইসলামী ইতিহাস বিভাগের শিক্ষক মো. জাহিদুল ইসলাম তার উত্তরপত্রে অপ্রাসঙ্গিক এমন লেখা দেখতে পান। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে অবহিত করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) পরীক্ষার ফলাফল ঘোষণার পর ঘটনাটি আরও আলোচনায় আসে।

উত্তরপত্রে ফয়সাল লিখেছে, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।

বন্ধুদের জন্য সরকারের কাছে এমন আবদার জানিয়ে লেখা উত্তরপত্রটি শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পর বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরীক্ষার খাতায় এমন মন্তব্যকে নিছক রসিকতা হিসেবে দেখা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়ন ব্যবস্থায় এ ধরনের লেখা কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, প্রায় ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তিন-চার দিন ধরে খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর উত্তরপত্রে এমন লেখা দেখতে পান তিনি। পরে কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান। তার ভাষায়, একজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা প্রত্যাশিত নয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয় না। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান এশিয়া পোস্টকে জানান, বিষয়টি তার জানা নেই এবং কলেজ কর্তৃপক্ষও তাকে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফয়সাল আলী মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী ফয়সাল আলী এশিয়া পোস্টকে বলেন, আমি প্রথমে মজা করে লিখেছিলাম কিন্তু পরে এই বিষয়টি নিয়ে এরকম হবে আমি কল্পনাও করতে পারিনি।